
আবারও ভয়াবহ বায়ুদূষণের কবলে রাজধানী। বিশ্বের ১২৫ শহরের তালিকায় বায়ুদূষণে ৫ নম্বরে উঠে এসেছে ঢাকা। এর মধ্যে শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর ১০ এলাকায় বায়ুদূষণ সবচেয়ে বেশি। সকাল সোয়া ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়।
আইকিউএয়ার বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়ার পাশাপাশি সতর্ক করে। শুক্রবার সকালে আইকিউএয়ার সূচকে বায়ুদূষণে সবার ওপরে আছে পাকিস্তানের লাহোর। শহরটির বাতাসের মানের স্কোর ২৯৯। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।
এদিকে বায়ুদূষণে বিশ্বের ১২৫ শহরের তালিকায় ২৯৭ স্কোর নিয়ে অবস্থান করছে আফগানিস্তানের কাবুল। শহরটির বাতাসও আজ নাগরিকদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’। এ ছাড়া ২৮৪ স্কোর নিয়ে তালিকার ৩ নম্বরে অবস্থান করছে প্রতিবেশী ভারতের দিল্লি। এই মানের বাতাসও নাগরিকদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।
অন্যদিকে ১৮৬ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ৫ নম্বরে অবস্থান করছে ঢাকা। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এই অবস্থায় জানালা বন্ধ রাখার পাশাপাশি রাজধানীবাসীদের ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে আইকিউএয়ার।
এদিকে শুক্রবার সকালে রাজধানীর ১০ এলাকায় বায়ুদূষণ সবচেয়ে বেশি। এই এলাকাগুলো হলো— বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক ‘জি’ এরিয়া (২১৩), উত্তর বাড্ডা এলাকার এয়ার ভিজ্যুয়াল আউটডোর এলাকা (১৯৬), বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এলাকা (১৮৬), মাদানী এভিনিউয়ের বে’জ এইজ ওয়াটার আউটডোর (১৮৬), পুরান ঢাকার বেচারাম দেউড়ি (১৮৬), মিরপুরের ইস্টার্ন হাউজিং (১৮৬), বারিধারা লেক সাইড (১৮৫), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৬২), বাড্ডার প্রগতি সারণি (১৭৬) এবং বারিধারা পার্ক রোড (২২৫)।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
অন্যদিকে স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে ধরা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]