
জাতীয় সংসদকে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত, কার্যকর ও জবাবদিহিমূলক করতে সংবিধানের ৭০, ৭৬, ৭৭ ও ৭৯ অনুচ্ছেদ সংস্কার এবং নিজস্ব জনবল নিয়ে স্বাধীন সংসদ সচিবালয় গঠনের তাগিদ দিয়েছেন রাজনীতিবিদ, সংসদ সদস্য ও বিশেষজ্ঞরা।তাদের মতে, আইন প্রণয়ন, সরকারের জবাবদিহি ও সংসদীয় কমিটির কার্যকারিতা নিশ্চিত করতে এসব সংস্কার জরুরি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর গুলশানের দ্য সিক্স সিজনস হোটেলে ঢাকা ট্রিবিউন ও নরওয়ে দূতাবাস আয়োজিত ‘জাতীয় সংসদকে কীভাবে আরও দক্ষ ও কার্যকর করা যায়’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
প্রধান অতিথি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ১৯৭৫ সালে সংসদীয় গণতন্ত্রের অবসানের পর ১৯৯১ সালে তা পুনঃপ্রতিষ্ঠিত হয়। তবে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন ও সংসদ গণতান্ত্রিক মূল্যবোধ ক্ষুণ্ন করেছে। অতীতের এই সংসদগুলোকে তিনি ‘রাবার স্ট্যাম্প’ হিসেবে অভিহিত করেন।
ত্রয়োদশ সংসদকে কার্যকর করতে ৭০ অনুচ্ছেদ সংশোধন, ৭৬(৩) অনুযায়ী স্থায়ী কমিটির স্বাধীনতা নিশ্চিত করার আইন, ৭৭ অনুচ্ছেদে ন্যায়পাল প্রতিষ্ঠা এবং ৭৯ অনুচ্ছেদ অনুযায়ী স্বাধীন সংসদ সচিবালয় গঠনের ওপর গুরুত্ব দেন তিনি।
বিশেষ অতিথি রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক রওনক জাহান সংসদ সদস্যদের স্থানীয় উন্নয়নের বদলে জাতীয় আইন প্রণয়ন ও সরকারের তদারকিতে মনোযোগী হওয়ার তাগিদ দেন। তাদের প্রতিবছর সম্পদের হিসাব ও স্বার্থের সংঘাত ঘোষণা করারও প্রস্তাব দেন তিনি।
সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অতীতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিজ্ঞতা থেকে বর্তমান সংসদকে শিক্ষা নিতে হবে। ৭০ অনুচ্ছেদ সংস্কার, সংসদীয় কমিটির উন্মুক্ত শুনানি এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বার্থে সর্বদলীয় ককাস ও ‘ম্যানিফেস্টো ওয়াচ’ জোরদারের প্রস্তাব দেন তিনি।
সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, জনগণই সার্বভৌম ক্ষমতার মালিক। জুলাই সনদ অনুযায়ী বিরোধী দলকে সংসদীয় কমিটির সভাপতির পদ দেওয়া, ঋণখেলাপি ও আইনগতভাবে অযোগ্য ব্যক্তিদের প্রার্থিতা ঠেকানো এবং নির্বাচনী হলফনামা যাচাই জরুরি। সংসদ সদস্যদের আচরণবিধি, সম্পদ ও স্বার্থের সংঘাত প্রকাশ, স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে তাঁদের সম্পৃক্ততা সীমিত করা এবং নারীর সরাসরি প্রতিনিধিত্ব বাড়ানোর প্রস্তাব দেন তিনি।
জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলম মিলন বলেন, গত ১৫ বছরে সংসদ আলোচনা ও বিতর্কের পরিবর্তে সিদ্ধান্ত অনুমোদনের জায়গায় পরিণত হয়েছিল। সংসদ সংস্কারে তিনি আসনসংখ্যার অনুপাতে বিরোধী দলকে কমিটির সভাপতির পদ ও আনুপাতিক প্রতিনিধিত্ব, সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ, বিলের যথাযথ পর্যালোচনা, নোটিশ মওকুফের কারণ সংসদে রেকর্ড এবং মন্ত্রী ও হুইপদের কমিটির সভাপতি না করার প্রস্তাব করেন। জরুরি প্রয়োজন ছাড়া অধ্যাদেশ জারি না করা, প্রতি অধিবেশনে অন্তত দুটি ‘অপজিশন ডে’ এবং নাগরিক পিটিশন ও উন্মুক্ত গণশুনানির ব্যবস্থাও চান তিনি।
স্বতন্ত্র সংসদ সদস্য ডা. তাসনিম জারা বলেন, গ্যাস না পেয়েও গ্রাহকদের বিল দিতে হচ্ছে, পাশাপাশি এলপিজি কিনতে হচ্ছে। এ পরিস্থিতিতে ‘নো গ্যাস, নো বিল’ নীতি চালুর প্রস্তাব দেন তিনি। সংসদীয় কমিটির কাজের সময়সীমা নির্ধারণ এবং সংসদ সদস্যদের উপহার গ্রহণের তথ্য সংরক্ষণে সংসদ সচিবালয়ের অধীনে ‘গিফট রেজিস্ট্রি’ চালুর কথাও বলেন তিনি।
নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন বলেন, সময় ও সম্পদের সঠিক ব্যবহার দক্ষতা; সাংবিধানিক ও গণতান্ত্রিক দায়িত্ব পালন কার্যকারিতার মাপকাঠি। সংসদের স্বাধীনতা, শক্তিশালী কমিটি, বিরোধী দলের অংশগ্রহণ ও তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে নরওয়ে কারিগরি সহায়তা দিতে প্রস্তুত।
সাবেক কূটনীতিক শমশের মবিন চৌধুরী বলেন, গত দেড় দশকের নির্বাচন সংসদকে কার্যকর ভূমিকা পালনের সুযোগ থেকে বঞ্চিত করেছে। বর্তমান সংসদে পরিবর্তনের সূচনা হলেও অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে।
সেমিনারের সঞ্চালক ও কাউন্টারপয়েন্টের সম্পাদক জাফর সোবহান বলেন, বিএনপি, জামায়াত ও এনসিপির সংসদ সদস্য, ডেপুটি স্পিকার ও নাগরিক সমাজের প্রতিনিধিদের এ সংলাপ সংস্কারের প্রথম ধাপ। সংসদকে কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংবিধান বিশেষজ্ঞ রাশনা ইমাম, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি এবং সংসদ সদস্য ফাহিমা নাসরিন মুন্নী। প্রশ্নোত্তর পর্বে অংশ নেন গণভোট বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ফাহিম মাশরুর ও আইন বিভাগের ড. শেহরিন আহমেদ চৌধুরীসহ আরও অনেকে।
বিবার্তা/এএম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]