জাতীয়
জেন্ডার সহিংসতা: আইনের ফাঁক বন্ধ ও দায়মুক্তি রোধে সংস্কারের তাগিদ
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ২৩:২৮
জেন্ডার সহিংসতা: আইনের ফাঁক বন্ধ ও দায়মুক্তি রোধে সংস্কারের তাগিদ
বিশেষ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলায় বাংলাদেশের বিদ্যমান আইনি কাঠামোয় ধর্ষণের সংজ্ঞায় অস্পষ্টতা, বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করার ক্ষেত্রে আইনি সীমাবদ্ধতা, কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে পৃথক আইনের অভাবসহ নানা ঘাটতি রয়েছে। এসব সীমাবদ্ধতা দূর করার পাশাপাশি বিচারিক জবাবদিহি, আইনি সহায়তা ও ভুক্তভোগীকেন্দ্রিক সুরক্ষাব্যবস্থা জোরদার না হলে দায়মুক্তির সংস্কৃতি ভাঙা কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতিসংঘ প্রকল্প সেবা কার্যালয় (ইউএনওপিএস) বাংলাদেশ ও জোন্টা ক্লাব অব ঢাকা থ্রির যৌথ উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। নারী নির্যাতন প্রতিরোধে বিশ্বব্যাপি ১৬ দিনের প্রচারাভিযানের অংশ হিসেবে ইউএনআরসিও সম্মেলন কক্ষে ‘দায়মুক্তির সংস্কৃতি রোধ: ন্যায়বিচার ও সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ’ শীর্ষক এ আলোচনা অনুষ্ঠিত হয়।


প্রধান অতিথির বক্তব্যে মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদ বলেন, ক্ষতিকর আচরণকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া এবং এ বিষয়ে নীরব থাকাই দায়মুক্তির সংস্কৃতিকে শক্তিশালী করে। তাই শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়; আইনের প্রয়োগ নিশ্চিত করা, ভুক্তভোগীকেন্দ্রিক সেবা বাড়ানো, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং ডিজিটাল হয়রানি ও জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় সামাজিক মানসিকতার পরিবর্তন জরুরি।


মালদ্বীপের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, দেশটির ১৫৬টি দ্বীপে কমিউনিটি সোশ্যাল গ্রুপ গঠন, বিচার বিভাগে নারীর প্রতিনিধিত্ব ৯ থেকে ১৯ শতাংশে উন্নীত করা, তরুণদের সম্পৃক্ততা এবং কেস ওয়ার্কারদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।


পাশাপাশি জেন্ডার-সংবেদনশীল গণমাধ্যম নির্দেশিকা প্রণয়ন এবং পারিবারিক সহিংসতা ও যৌন হয়রানিসংক্রান্ত আইন পর্যালোচনা করা হয়েছে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাসলিমা ইয়াসমিন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, ধর্ষণের সংজ্ঞায় ত্রুটি, বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য না করা এবং কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি মোকাবিলায় পৃথক আইনের অভাবের মতো বিষয় আইনি সংস্কারের দাবি রাখে।


তিনি বলেন, পারিবারিক সহিংসতা আইন-২০১০-এর কার্যকারিতা বাড়ানো, যৌতুকের সংকীর্ণ সংজ্ঞা পুনর্বিবেচনা এবং মিথ্যা মামলার ঝুঁকি তৈরি করতে পারে—এমন আইনি ধারার সংস্কার প্রয়োজন। একই সঙ্গে বাধ্যতামূলক আইনি সহায়তা, বিচারিক জবাবদিহি ও পর্যাপ্ত তহবিল নিশ্চিত করতে হবে, যাতে ভুক্তভোগীরা সময়মতো ন্যায়বিচার পান।


স্বাগত বক্তব্যে ইউএনওপিএসের কান্ট্রি ম্যানেজার মার্টিন আরেভাল দ্য লিয়ন বলেন, জেন্ডার সংবেদনশীল ক্রয়প্রক্রিয়ার মাধ্যমে নারী মালিকানাধীন ব্যবসা ও সামাজিক উদ্যোগকে সরবরাহ ব্যবস্থায় যুক্ত করে ভুক্তভোগীদের আর্থিক স্বাবলম্বিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সংস্থাটি।


জোন্টা ক্লাব অব ঢাকা থ্রির প্রেসিডেন্ট নাসরিন খান বলেন, নারী ও মেয়েদের প্রতি সহিংসতা বন্ধে সম্মিলিত প্রচেষ্টা, শক্তিশালী অংশীদারত্ব এবং নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার অভিন্ন অঙ্গীকার প্রয়োজন।


সিড ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ড. রুবিনা হুসাইন বলেন, সহিংসতার শিকার ব্যক্তিদের সহায়তা শুধু আইনি সহযোগিতায় সীমাবদ্ধ রাখা যাবে না। তাঁদের মানসিক, সামাজিক ও দৈনন্দিন জীবনের প্রয়োজন বিবেচনায় সামগ্রিক ও ট্রমা-ইনফর্মড সেবা নিশ্চিত করতে হবে।


সাংস্কৃতিক কর্মী ও নারীপক্ষের সদস্য ওয়ারদা আশরাফ বলেন, সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে মানুষকে এ বিষয়ে কথা বলতে উৎসাহিত করা, ক্ষতিকর সামাজিক রীতিনীতিকে চ্যালেঞ্জ করা এবং প্রচলিত মানসিকতার পরিবর্তন জরুরি।


জোন্টা ক্লাবের সাবেক গভর্নর ড. জারিন দেলাওয়ারও নারী ও মেয়েদের প্রতি সহিংসতা নির্মূলে সমন্বিত ও অংশীদারত্বমূলক কর্মকৌশলের ওপর গুরুত্ব দেন। আলোচনা শেষে সহিংসতা প্রতিরোধ ও ভুক্তভোগীদের সুরক্ষায় সুনির্দিষ্ট করণীয় তুলে ধরে ‘কল টু অ্যাকশন’ উপস্থাপন করেন জোন্টা ক্লাব অব ঢাকা থ্রির অ্যাডভোকেসি চেয়ার সেলিনা মুস্তাফা।


সমাপনী বক্তব্যে ইউএনওপিএস বাংলাদেশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইনফিয়াজ হায়দার ন্যায়বিচারের সুযোগ সম্প্রসারণ এবং সহিংসতামুক্ত সমাজ গড়তে অংশীদারদের সঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন জোন্টা ক্লাব অব ঢাকা থ্রির ইউএন কমিটি চেয়ার খাদিজা আফজাল।


বিবার্তা/এএম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com