জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন রাজবাড়ীর খামারি জাহাঙ্গীর হোসেন
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১৬:৩৮
জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন রাজবাড়ীর খামারি জাহাঙ্গীর হোসেন
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখায় জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬ পেয়েছেন রাজবাড়ীর কালুখালী উপজেলার সৌখিন খামারি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। ফেন্সি আইটেম ক্যাটাগরিতে তিনি রৌপ্য পদকে ভূষিত হয়েছেন।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬ (স্বর্ণ ও রৌপ্য) তুলে দেন প্রধানমন্ত্রী। পদকপ্রাপ্তদের মধ্যে ফেন্সি আইটেম ক্যাটাগরিতে রৌপ্য পদক অর্জন করেন রাজবাড়ীর কালুখালী উপজেলার সৌখিন খামারি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।


জাহাঙ্গীর হোসেন উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বড় বাংলাট গ্রামের বাসিন্দা। তিনি ‘ইত্যাদি ফেন্সি জোন’-এর স্বত্বাধিকারী। তাঁর খামারের নাম ‘কালুখালী ফ্যান্সি মুরগির খামার’।


জানা যায়, শখের বশে বাড়িতে বিদেশি জাতের মুরগি পালন শুরু করেন জাহাঙ্গীর। একপর্যায়ে সেই শখই রূপ নেয় বাণিজ্যিক খামারে। ভাগ্য পরিবর্তনের আশায় ইউরোপে যেতে চেয়ে দালালের প্রতারণার শিকার হওয়ার পর তিনি ভারতের চেন্নাইয়ে একটি মুরগির খামারে কাজ করেন। সেখানে বিদেশি জাতের মুরগির প্রতি আগ্রহ তৈরি হয় তাঁর। দেশে ফেরার সময় উপহার হিসেবে পাওয়া দুই জোড়া বিদেশি জাতের মুরগি দিয়ে শুরু করেন খামার গড়ার যাত্রা।


বর্তমানে তাঁর খামারে বিদেশি জাতের মুরগির পাশাপাশি রয়েছে ময়ূর, বিদেশি হাঁসসহ বিভিন্ন প্রজাতির পাখি। ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য রয়েছে ইনকিউবেটরও।


পদক প্রাপ্তির অনুভূতি জানিয়ে জাহাঙ্গীর হোসেন বলেন, “একসময় শখের বশে দুই জোড়া বিদেশি জাতের মুরগি দিয়ে আমার খামারের যাত্রা শুরু হয়েছিল। নানা প্রতিকূলতা ও পরিশ্রমের মধ্য দিয়ে আজকের এই অবস্থানে এসেছি। জাতীয় পর্যায়ে এমন স্বীকৃতি পেয়ে আমি আনন্দিত ও গর্বিত। এই অর্জন আমার কাজের প্রতি আগ্রহ ও দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আরও ভালো কিছু করতে চাই।”


উল্লেখ্য, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর আটটি ক্যাটাগরিতে মোট ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক দেওয়া হয়েছে। এর মধ্যে আটটি স্বর্ণ ও ১৫টি রৌপ্য পদক রয়েছে।


জাহাঙ্গীর হোসেনের এ অর্জনে আনন্দিত ও গর্বিত কালুখালী উপজেলাবাসী। তাঁর এই সাফল্য স্থানীয় পর্যায়ে সৌখিন ও উদ্যোক্তা খামারিদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।


বিবার্তা/মিঠুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com