আওয়ামী লীগ এলে বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুরুল হক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১৭:১০
আওয়ামী লীগ এলে বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুরুল হক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

আওয়ামী লীগ এলে জামায়াত-এনসিপি সবচেয়ে বড় বিপদে পড়বে বলে মন্তব্য করেছেন, গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিরোধীদলের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের অনেকের মিল-কারখানা ও ব্যবসা-বাণিজ্য অন্যরা দেখভাল করছেন। সরকারি দলের অনেকে এসব ব্যবসা টেকওভার করে সুবিধা নিচ্ছেন। এসব ব্যবসা থেকে অর্জিত মুনাফা আবার শ্রমিক অধ্যুষিত এলাকায় উসকানি ও অস্থিরতা তৈরির কাজে অর্থায়ন করা হচ্ছে।


তিনি অভিযোগ করেন, গার্মেন্টস খাতকে ধ্বংস করা এবং বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে এমন বার্তা বিদেশিদের কাছে পৌঁছে দিতে পরিকল্পিতভাবে কৃত্রিম অস্থিরতা তৈরি করা হচ্ছে। এর পেছনে পতিত ফ্যাসিস্টদের অর্থায়ন রয়েছে। গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, শুধু গাজীপুর এলাকাতেই এ ধরনের কর্মকাণ্ডে ১০০ কোটি টাকা অর্থায়ন করা হয়েছে।


গ্রেফতার ব্যক্তিদের স্বীকারোক্তির বরাত দিয়ে নুর দাবি করেন, অতীতে ক্ষমতার অপব্যবহার করে লুটপাট চালানো আওয়ামী লীগের লোকজনের অর্থায়ন ও উসকানিতে কারখানা বন্ধের ষড়যন্ত্র করা হচ্ছে।


তিনি বলেন, নিজেদের কোনো সঙ্গী-সাথী যদি এসব ব্যক্তিকে আশ্রয় বা সহযোগিতা করেন, তাদের বিরুদ্ধেও অবস্থান নিতে হবে। এসব অর্থ গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টিতে ব্যয় করা হচ্ছে।


সরকারি দরপত্র প্রসঙ্গে নুর বলেন, নির্মাণকাজ ও সরকারি টেন্ডারে পুরোনো অভিজ্ঞতার শর্তের কারণে এখনো ৮০ শতাংশ কাজ আওয়ামী লীগের লোকজন পাচ্ছেন। ফলে, নতুন উদ্যোক্তারা কাজের সুযোগ পাচ্ছেন না। নতুন ব্যবসায়ীদের সুযোগ করে দিতে পাবলিক প্রকিউরমেন্ট আইন সংশোধন করা হয়েছে উল্লেখ করে তিনি সবাইকে দরপত্রে অংশ নেওয়ার আহ্বান জানান।


বিবার্তািএমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com