সারাদেশ
ইউপি নির্বাচন ঘিরে মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গোলাগুলি নিহত ১
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৫
ইউপি নির্বাচন ঘিরে মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ,  গোলাগুলি নিহত ১
মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপ ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়ন। স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে চরডুমুরিয়া ও সামারচর এলাকায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রহিম মোল্লা ও আওলাদ মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় সেলিম নামের একজন নিহত হয়েছেন। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান।


আওলাদ মোল্লা মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি। অন্যদিকে রহিম মোল্লাও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তারা দুজনই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত সপ্তাহেও দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এলাকার নিয়ন্ত্রণ নিয়ে বৃহস্পতিবার আবারও সংঘাতের ঘটনা ঘটে। সংঘর্ষ ছড়িয়ে পড়ে চরডুমুরিয়া, সামারচরসহ আশপাশের এলাকায়।


এ সময় ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যায়। সংঘর্ষে গুরুতর আহত কয়েকজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেলিম নামের একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনার পর হাসপাতালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।


বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন। তিনি জানান, এলাকার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com