
২০২২ সালে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৪ লাখ ৯০ হাজার ৩৩৪ জন রুশ সেনা নিহত হয়েছেন। রাশিয়ার সরকারি পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে।
বুধবার (২৫ নভেম্বর) বিবিসি এ বিষয়টি নিশ্চিত করেছে।
রুশ সরকারি পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাট-এর ফাঁস হওয়া তথ্যে দেখা গেছে, ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন রাশিয়ার সেনাদের মৃত্যুহার বাড়িয়েছে। ভ্লাদিমির পুতিন ভেবেছিলেন যুদ্ধ কয়েক দিনের মধ্যেই শেষ হবে, কিন্তু তা এখন প্রায় পাঁচ বছরে গড়িয়েছে এবং এতে বিপুল প্রাণহানি ঘটেছে।
বেলারুশের হ্যাকার গোষ্ঠী ‘সাইবার পার্টিজানস বিওয়াই’ এবং ইউক্রেনের ‘সাইলেন্ট ক্রো’-এর হ্যাকিংয়ের পর বিবিসি রাশিয়ান ২০২১ থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যুর রেকর্ড হাতে পেয়েছে। রাশিয়ার পরিসংখ্যান সংস্থা সাইবার হামলার কথা স্বীকার করলেও কোনো সংরক্ষিত তথ্য ফাঁস হওয়ার বিষয়টি অস্বীকার করেছে।
স্বাধীন রুশ সংবাদমাধ্যম মিডিয়াজোনার সঙ্গে মিলে বিবিসি রাশিয়ান আগ্রাসন শুরুর পর থেকে উন্মুক্ত সূত্রের ভিত্তিতে সংগৃহীত নিশ্চিত সামরিক মৃত্যুর তালিকার সঙ্গে রসস্ট্যাটের তথ্য মিলিয়ে দেখেছে এবং ৯০ শতাংশ রেকর্ডের মিল পেয়েছে।
নথিতে দেখা গেছে, ২০২৫ সালে রাশিয়ায় প্রাণ হারানো ১৮ থেকে ২৪ বছর বয়সীদের ৬৫ শতাংশই যুদ্ধে মারা গেছেন। ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের ক্ষেত্রে এই হার ছিল ৫৯ শতাংশ। কেবল ৪৫ থেকে ৫৪ বছর বয়সীদের মধ্যেই যুদ্ধের চেয়ে হৃদরোগে মৃত্যুর হার বেশি।
নির্দিষ্ট কিছু এলাকায় ক্ষয়ক্ষতির মাত্রাও এই তথ্যে উঠে এসেছে। যুদ্ধের আগের সম্মিলিত জনসংখ্যা ১২ হাজার ছিল—এমন ১০টি ইউক্রেনীয় গ্রাম দখলের লড়াইয়ে প্রায় ২০ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। দোনেৎস্ক অঞ্চলের বাখমুত শহরের দক্ষিণে আন্দ্রিয়েভকা নামে একটি ছোট গ্রাম দখলের লড়াইয়ে ১ হাজার ১২২ জন রুশ প্রাণ হারিয়েছেন; যুদ্ধের আগে সেখানে মাত্র ৭৪ জন বসবাস করতেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ক্ষয়ক্ষতির সরকারি তথ্য প্রকাশ করে না। সামরিক ক্ষয়ক্ষতির মাত্রা বোঝার একটি উপায় ছিল ‘বাহ্যিক কারণে মৃত্যুর’ তথ্য, যা রসস্ট্যাট দুই বছর আগেই প্রকাশ বন্ধ করে দিয়েছে। উদাহরণস্বরূপ, পূর্ব ইউক্রেনের দখলকৃত দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলের যেসব বাসিন্দা রুশ সেনাবাহিনীতে যুদ্ধ করেছেন, তাদের যে মৃত্যুর হিসাব বিবিসি নিশ্চিত করেছে, তার মাত্র ৭০ শতাংশ রসস্ট্যাটের ফাইলে পাওয়া গেছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]