এবার আইপিএলে যাচ্ছেন ‘না’ মুস্তাফিজ
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১৫:৫৪
এবার আইপিএলে যাচ্ছেন ‘না’ মুস্তাফিজ
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আসরে মুস্তাফিজুর রহমানকে নানা নাটকিয়তার পর বাদ দেয়া হয় তাকে। আর এবার নিজেই লিগটিকে না করে দিলেন টাইগার পেসার।


২০২৭ আসরের নিলামের জন্য নিবন্ধন করেছেন ১২ বাংলাদেশী ক্রিকেটার। তবে নাম নিবন্ধন করেননি মুস্তাফিজ ও সাকিব আল হাসান। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


নিলামের জন্য নিবন্ধন করা ১২ বাংলাদেশী ক্রিকেটার হলেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তাওহীদ হৃদয়, মো. রুবেল ও তাসকিন আহমেদ।


তবে ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে প্রাথমিক তালিকায় ১১ জন বাংলাদেশী ক্রিকেটারের নাম থাকার কথা বলা হয়েছে।


নাম নিবন্ধন করলেও আইপিএলের আগামী আসরে বাংলাদেশী ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। এর পেছনে রয়েছে ২০২৬ আসরের আগে কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়ার জন্য বিসিসিআই-এর নির্দেশ। বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে বিসিসিআইয়ের ওই নির্দেশের পর আগামী আসরে বাংলাদেশী ক্রিকেটারদের খেলার সুযোগ থাকবে কি না, সে বিষয়ে এখনো ফ্র্যাঞ্চাইজিগুলোকে স্পষ্ট কোনো বার্তা দেয়া হয়নি বলে জানা গেছে।


আইপিএলে এখন পর্যন্ত পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন মুস্তাফিজ। সর্বশেষ ২০২৫ আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার পর ২০২৬ আসরের জন্য তাকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে বিসিসিআইয়ের নির্দেশে পরে তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। ২০২৭ আসরের নিলামের আগেও কলকাতার ছেড়ে দেয়া ১২ ক্রিকেটারের তালিকায় ছিলেন এই বাঁহাতি পেসার।


অন্যদিকে, আইপিএলে দুইটি ফ্র্যাঞ্চাইজির হয়ে মোট ৯টি মৌসুম খেলেছেন সাকিব আল হাসান। ২০২১ সালে সর্বশেষ এই টুর্নামেন্টে দেখা গিয়েছিল বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে।


এবারের নিলামের প্রাথমিক তালিকায় রয়েছেন মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার। আগামী ১ ডিসেম্বর ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের পছন্দের খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকা জমা দেবে। পাশাপাশি নতুন করে বিবেচনার জন্য অতিরিক্ত খেলোয়াড়দের নামও প্রস্তাব করতে পারবে তারা। এরপর নিলামের প্রায় এক সপ্তাহ আগে চূড়ান্ত তালিকা ও খেলোয়াড়দের ক্যাটাগরি প্রকাশ করবে আইপিএল কর্তৃপক্ষ।


নিবন্ধন করা ১ হাজার ২২০ ক্রিকেটারের মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশী। ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য মোট ৬৬টি জায়গা খালি রয়েছে। এর মধ্যে বিদেশী ক্রিকেটারদের জন্য বরাদ্দ ২৫টি।


আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আইপিএল ২০২৭-এর নিলাম।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com