
চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত এক রাত কাটাল রিয়াল মাদ্রিদ। পিছিয়ে পড়েও পিএসভি আইন্দহোভেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
জুড বেলিংহ্যামের চোখধাঁধানো গোলের পাশাপাশি জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। অন্যদিকে, ভিক্টর গিয়োকেরেসের গোলেও জয় পায়নি আর্সেনাল। বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে গানাররা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে পিএসভির বিপক্ষে ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ে রিয়াল।
পেনাল্টি থেকে ইভান পেরিসিচ গোল করে এগিয়ে দেন ডাচ দলকে। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় রিয়াল।
বিরতির পর পাঁচ মিনিটের মধ্যে ফেদেরিকো ভালভের্দে সমতা ফেরান। এরপর বেলিংহ্যামের অসাধারণ ভলি, এমবাপ্পের জোড়া গোল ও ভিনিসিয়ুস জুনিয়রের গোলে বড় জয় নিশ্চিত করে তারা।
এই জয়ে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে পাঁচ ম্যাচে পাঁচ জয় তুলে নিয়েছে রিয়াল। আপাতত পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে এসেছে দলটি। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তাদের টানা দশম জয়।
প্রথমার্ধে বেঞ্চে থাকা বেলিংহ্যাম বিরতির পর মাঠে নেমেই ম্যাচের চিত্র বদলে দেন। বক্সের বাইরে আলগা বল পেয়ে সেটি শূন্যে তুলে দুর্দান্ত এক ভলিতে জালে পাঠান ইংলিশ মিডফিল্ডার। এরপর আরদা গুলেরের পাস থেকে গোল করেন এমবাপ্পে। গোলরক্ষককে কাটিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন ফরাসি তারকা। শেষ দিকে বেলিংহ্যামের পাসে গোল করে বড় জয় পূর্ণ করেন ভিনিসিয়ুস।
অন্যদিকে, ডর্টমুন্ডের বিপক্ষে আর্সেনালের শুরুটা ছিল দারুণ। ম্যাচের দশম মিনিটে ২৫ গজ দূর থেকে দুর্দান্ত শটে দলকে এগিয়ে দেন গিয়োকেরেস। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় জার্মান দল। ৫৫ মিনিটে ম্যাক্সিমিলিয়ান বেয়ারের গোলে সমতা ফেরায় তারা।
শেষ দিকে জয়ের সুযোগ পেয়েছিল আর্সেনাল। মার্টিন ওডেগার্ডের ক্রস থেকে সহজ হেডের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি গিয়োকেরেস। ওডেগার্ডের ক্রস দুবার পোস্টে লাগে, ডেকলান রাইসের শটও ফিরে আসে পোস্টে। ফলে ঘরের মাঠে মৌসুমের প্রথম জয়হীন ম্যাচ খেলতে হয় আর্সেনালকে।
এই ড্রয়ের পর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ অপরাজিত থাকল আর্সেনাল। পাঁচ ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে লিগ পর্বের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তারা। সপ্তম স্থানে থাকা ডর্টমুন্ড তাদের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]