
বিদেশি প্রযুক্তির ভোক্তা হয়ে নয়, নিজস্ব সক্ষমতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উদ্ভাবন ও বিকাশে নেতৃত্ব দিতে হবে গ্লোবাল সাউথকে। এই লক্ষ্য সামনে রেখে যাত্রা শুরু করেছে বাংলাদেশের প্রথম এআইবিষয়ক ত্রৈমাসিক সাময়িকী ‘এআই ফর দ্য গ্লোবাল সাউথ’।
ইলাইয়া ফাউন্ডেশন, সেন্টার ফর অল্টারনেটিভস ও আর্গাস ডিপ্লোম্যাটিক ইন্টেলিজেন্সের যৌথ উদ্যোগে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর ওয়েস্টিন হোটেলে সাময়িকীটির মোড়ক উন্মোচন করা হয়।
অনলাইনে যুক্ত হয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, “আমাদের লক্ষ্য হওয়া উচিত গ্লোবাল সাউথের জন্য এআই নয়, বরং গ্লোবাল সাউথের নিজস্ব উদ্যোগে তৈরি এআই।”
অনুষ্ঠানে সাময়িকীটির প্রধান সম্পাদক ও সেন্টার ফর অল্টারনেটিভসের নির্বাহী পরিচালক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, বাংলাদেশ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সস্তা ডিজিটাল শ্রমের সরবরাহকারী হয়ে প্রযুক্তিগত নির্ভরশীলতা বাড়াবে, নাকি নিজস্ব এআই সক্ষমতা গড়ে গ্লোবাল সাউথে নেতৃত্ব দেবে, সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই।
বিকাশ ও নগদের মতো প্ল্যাটফর্মে প্রতারণা শনাক্তকরণ ও ব্যক্তিকেন্দ্রিক সেবা প্রদানে এআইয়ের ব্যবহারকে দেশীয় সক্ষমতার উদাহরণ হিসেবে তুলে ধরেন তিনি। তাঁর মতে, তৈরি পোশাক খাতের সরবরাহব্যবস্থা ও পণ্যের মান নিয়ন্ত্রণ, কৃষি, ঘূর্ণিঝড়-বন্যার পূর্বাভাস এবং গ্রামীণ স্বাস্থ্যসেবায় এআই বড় পরিবর্তন আনতে পারে। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজনীয় অবকাঠামো, বাংলা ভাষায় এআইয়ের সক্ষমতা এবং কার্যকর নীতিমালা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম বলেন, এআই বিশ্বব্যবস্থা, অর্থনীতি, শাসনব্যবস্থা ও আন্তর্জাতিক সম্পর্ক বদলে দিচ্ছে। কিন্তু এর সুফল সমানভাবে বণ্টিত হচ্ছে না। গ্লোবাল সাউথকে অন্যের তৈরি প্রযুক্তির কেবল ভোক্তা না থেকে এআইয়ের ভবিষ্যৎ নির্ধারণেও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
ডিজিটাল সার্বভৌমত্ব মানে বিচ্ছিন্নতা নয়; বরং নীতিগত স্বায়ত্তশাসন, তথ্য সুরক্ষা, সাইবার নিরাপত্তা এবং বৈশ্বিক এআই নীতিনির্ধারণে অর্থবহ ভূমিকা নিশ্চিত করা। এআইয়ের সম্ভাবনা কাজে লাগাতে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা, জ্ঞান বিনিময়, গবেষণায় বিনিয়োগ ও আন্তর্জাতিক অংশীদারত্ব বাড়ানোর আহ্বান জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সচিব। একই সঙ্গে তৈরি পোশাক খাতে এআইয়ের প্রভাবে নারী শ্রমিকদের কর্মসংস্থান ঝুঁকিতে পড়ার আশঙ্কাও তুলে ধরেন তিনি।
সাময়িকীটির সম্পাদক ও ইলাইয়া ফাউন্ডেশনের সভাপতি মাসুদ জামিল খান বাংলা ভাষায় এআইয়ের ব্যবহার বাড়াতে ভাষাগত প্রতিবন্ধকতা দূর করার ওপর গুরুত্ব দেন।
আর্গাস ডিপ্লোম্যাটিক ইন্টেলিজেন্সের সহ-প্রতিষ্ঠাতা ফিরোজ এম জাহিদুর রহমান বলেন, স্থানীয় ব্যবসায়ী থেকে কৃষক, সবার কাছে এআইয়ের সুফল পৌঁছে দিতে হবে। এ ক্ষেত্রে ফ্রিল্যান্সারদের দক্ষতা কাজে লাগানো জরুরি।
সমাপনী বক্তব্যে ধন্যবাদ জানান ইলাইয়া ফাউন্ডেশনের সহ-সভাপতি কেট জারো খান।
বিবার্তা/এএম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]