সারাদেশ
পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে সুন্দরবনের রাস উৎসব
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ২১:২৪
পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে সুন্দরবনের রাস উৎসব
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

পুণ্যস্নান, প্রার্থনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হয়েছে সুন্দরবনের দুবলার চরের ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী রাস উৎসব।


মঙ্গলবার (২৪ নভেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আলোরকোল সমুদ্রসৈকতে পুণ্যস্নানের মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটেছে।


উৎসবে দেশ-বিদেশ থেকে আসা হাজারো সনাতন ধর্মাবলম্বী ভক্ত এ ধর্মীয় আয়োজনে অংশ নেন। দুবলার চরের আলোরকোল সৈকতের প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে পুণ্যার্থীদের সমাগম ঘটে। উলুধ্বনি, শঙ্খধ্বনি ও ঢাকঢোলের বাদ্যে মুখর হয়ে ওঠে সমুদ্র উপকূল। মোমবাতি ও ধূপ জ্বালিয়ে মন্ত্রপাঠের মাধ্যমে প্রার্থনা করেন ভক্তরা। পরে প্রসাদ বিতরণ শেষে সূর্যোদয়ের সময় সাগরের জলে পুণ্যস্নান করেন তারা। এ সময় অনেকে পরিবার, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ স্নানের মাধ্যমে পাপ মোচন ও পুণ্যলাভ হয়।


আয়োজনে এবারও নারী ভক্তদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। পূজা ও স্নানের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর সকাল থেকেই ট্রলার ও জালিবোটে করে নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেন পুণ্যার্থীরা।


সুন্দরবন পূর্ব বিভাগের বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী জানিয়েছেন, রাস উৎসব উপলক্ষ্যে তিন দিনের জন্য দুবলার চরে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছিল, মঙ্গলবার। সন্ধ্যার মধ্যে সব পুণ্যার্থীকে চর ত্যাগ করতে হবে। নির্ধারিত সময়ের পর কেউ অবস্থান করলে বন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


তিনি জানান, এবারের রাস পূজা ও পুণ্যস্নানে অংশ নিতে বাগেরহাট ও খুলনা জেলা থেকে মোট ৪২৬টি ট্রলারের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে বাগেরহাটের ৪০৯টি ট্রলারে ৮ হাজার ৭০৬ জন এবং খুলনার ১৭টি ট্রলারে ৪০৫ জন পুণ্যার্থীকে প্রবেশের অনুমতি দেওয়া হয়।


এর আগে সোমবার (২৩ নভেম্বর) বিকেলে আলোরকোলে শুরু হয় শতবর্ষের ঐতিহ্যবাহী এ ধর্মীয় উৎসব।


বিবার্তা/রাজীব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com