
দেশের ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন এলাকায় এ ভূকম্পন অনুভূত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ৩২ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। এতে অনেকের ঘুম ভেঙে যায় এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ভারতের সিকিম রাজ্যের মাঙ্গান এলাকায়।
রংপুর আবহাওয়া অফিসের ভূমিকম্প পরিমাপ বিভাগ জানিয়েছে, সকাল ৭টা ৩২ মিনিট ৪২ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ভারতে হলেও বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা কেঁপে ওঠে।
এদিকে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের (ইএমএসসি) বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপালের পূর্বাঞ্চলীয় কোশি প্রদেশে, সিকিম সীমান্তসংলগ্ন হিমালয় এলাকায়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
ভূমিকম্পে ভারতের বিহার, মেঘালয় ও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে।
তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূতাত্ত্বিকভাবে নেপাল ও ভারতের হিমালয়সংলগ্ন অঞ্চল অত্যন্ত ভূমিকম্পপ্রবণ। ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষ এবং পারস্পরিক চাপের কারণে এ অঞ্চলে প্রায়ই ভূমিকম্পের সৃষ্টি হয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]