আওয়ামী লীগ নিষিদ্ধে অবস্থান নেই ইইউর
মানবাধিকার, জবাবদিহিতা ও রাজনৈতিক স্থিতিশীলতায় গুরুত্ব
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০০:৫৯
আওয়ামী লীগ নিষিদ্ধে অবস্থান নেই ইইউর
বিশেষ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখা বা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো আনুষ্ঠানিক অবস্থান নেই। তবে অতীতের মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহিতা, ন্যায়বিচার, আইনের শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতার ওপর গুরুত্ব দিচ্ছে সংস্থাটি।


সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ঢাকায় নিযুক্ত ইইউ ডেলিগেশন প্রধান রাষ্ট্রদূত মাইকেল মিলার। ডিকাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক ইমরুল কায়েস।


উপস্থিত ছিলেন ইইউ প্রতিনিধি দলের উপপ্রধান বাইবা জারিনা।


রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, মানবাধিকার, জবাবদিহিতা ও রাজনৈতিক স্থিতিশীলতা ঢাকা-ব্রাসেলস সম্পর্কের অগ্রাধিকারে রয়েছে। গণতান্ত্রিক উত্তরণে প্রাতিষ্ঠানিক সংস্কার, রাজনৈতিক সমঝোতা ও সহিংসতা বর্জন জরুরি। ২০২৪ সালের গণঅভ্যুত্থান, অন্তর্বর্তী সরকারের সময়কাল ও ফেব্রুয়ারির নির্বাচনের পর বাংলাদেশ-ইইউ সম্পর্ক প্রথাগত দাতা-গ্রহীতা কাঠামো থেকে কৌশলগত অংশীদারত্বের দিকে এগোচ্ছে। ইইউ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সবসময় পর্যবেক্ষণ করছে।



নির্বাচন-পরবর্তী রাজনৈতিক সহিংসতা ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, গণতান্ত্রিক উত্তরণ দীর্ঘমেয়াদি প্রক্রিয়া; এর জন্য ধারাবাহিক প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন। মতপ্রকাশ ও সমাবেশের স্বাধীনতা সুরক্ষিত রাখতে হবে। তবে বেআইনি কর্মকাণ্ড, জননিরাপত্তা বিঘ্নিত করা ও সহিংসতায় উসকানি গ্রহণযোগ্য নয়। সাম্প্রতিক সহিংসতার ঘটনায় আইন প্রয়োগকারী সংস্থার পদক্ষেপকে সংযত ও সমানুপাতিক বলে মূল্যায়ন করেন তিনি। দেশের নিরাপত্তা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলেও আস্থা প্রকাশ করেন।


আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখা প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, এ বিষয়ে ইইউর কোনো আনুষ্ঠানিক অবস্থান নেই। তবে অন্তর্বর্তী সরকারের নেওয়া ও চলমান পদক্ষেপগুলো পর্যবেক্ষণ করছে সংস্থাটি। একটি স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অতীতের মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি, ন্যায়বিচার, আইনের শাসন ও জনশৃঙ্খলা রক্ষা জরুরি।


সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর মধ্যে আরও ঐকমত্য থাকা প্রয়োজন ছিল মন্তব্য করে তিনি রাজনৈতিক সমঝোতার ওপর গুরুত্ব দেন। বিরোধী দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংলাপের উদ্যোগকে স্বাগত জানান। অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নে বর্তমান সরকারের সঙ্গে কাজ করতেও ইইউ আগ্রহী। পরিবর্তনের এই সময়ে গণমাধ্যমের স্বাধীন ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তিনি।


পুলিশ হেফাজতে মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের হাতকড়া পরিয়ে রাখা ও মানবাধিকার তদারকি নিয়ে প্রশ্নের জবাবে মাইকেল মিলার বলেন, বিদেশি কূটনীতিকেরা কোনো দেশের অভ্যন্তরীণ আইনি ব্যবস্থা সরাসরি পরিবর্তন করতে পারেন না। তবে সার্বজনীন মানবাধিকারের ভিত্তিতে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ, মন্ত্রী, সংসদ সদস্য, সুশীল সমাজ ও জাতিসংঘের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করে ইইউ। মানবাধিকার সুরক্ষা চাপের মুখে পড়লে বিষয়টি ইউরোপীয় পার্লামেন্ট, সদস্য দেশগুলো ও ইইউ সদর দপ্তরে আলোচনায় আসে।


শ্রম অধিকার, পরিবেশ সুরক্ষা ও মানবাধিকার ইইউর এভরিথিং বাট আর্মস (ইবিএ) বাণিজ্য সুবিধা এবং ভবিষ্যৎ মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) গুরুত্বপূর্ণ শর্ত বলেও জানান তিনি। রাষ্ট্রদূত বলেন, চ্যালেঞ্জ থাকলেও বাংলাদেশ-ইইউ অংশীদারত্বের সম্ভাবনা অনেক বড়।


দাতা-গ্রহীতা সম্পর্ক থেকে কৌশলগত অংশীদারত্ব


বিশ্বব্যবস্থা ক্রমেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অনিশ্চিত হয়ে উঠছে উল্লেখ করে মাইকেল মিলার ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, অর্থনৈতিক বিভক্তিকরণ, জলবায়ু সংকট, প্রযুক্তিগত পরিবর্তন এবং আন্তর্জাতিক আইনের ওপর চাপের কথা তুলে ধরেন। কপ৩১-এর ফলাফল নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি।


এ পরিস্থিতিতে জাতিসংঘ সনদ, সার্বজনীন মানবাধিকার, নিয়মভিত্তিক বাণিজ্য ও বহুপাক্ষিকতার প্রতি ইইউর অবস্থান তুলে ধরে বাংলাদেশকে আন্তর্জাতিক নিয়মভিত্তিক ব্যবস্থার পক্ষে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান রাষ্ট্রদূত।


বিগত শাসনামলে নাগরিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যকার আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, গণতন্ত্রের ভিত্তি শুধু নির্বাচন বা সংসদ নয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানও। প্রতিষ্ঠানগুলোর ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদি প্রচেষ্টা প্রয়োজন। এ লক্ষ্যে পোল্যান্ডের রাষ্ট্রীয় নিরীক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়কে কারিগরি সহায়তা দিচ্ছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সক্ষমতা বাড়াতেও সরাসরি সহায়তার প্রস্তুতি নিচ্ছে ইইউ। বিস্তৃত রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার ভিত্তি গড়তে বাংলাদেশ ও ইইউ নতুন পার্টনারশিপ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্টের (পিসিএ) খসড়ায় প্রাথমিক স্বাক্ষর করেছে। ২০২৭ সালের প্রথমার্ধে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের প্রত্যাশা রয়েছে।


বাণিজ্য ও এলডিসি উত্তরণ-পরবর্তী প্রস্তুতি


স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পরও বাংলাদেশের বাণিজ্য সুবিধা ধরে রাখতে ইইউর বাজার গুরুত্বপূর্ণ। নতুন ইইউ জিএসপি কাঠামো অনুযায়ী, উত্তরণের পর বাংলাদেশ আরও তিন বছর, অন্তত ২০২৯ সালের শেষ পর্যন্ত, ‘এভরিথিং বাট আর্মস’ (ইবিএ) সুবিধা পাবে। উত্তরণের প্রস্তুতি-কাল তিন বছর বাড়ানোর আবেদনেও জাতিসংঘের সংশ্লিষ্ট কমিটি ইতিবাচক সুপারিশ করেছে।


এলডিসি উত্তরণ মসৃণ করতে মেয়াদ বাড়ানোর পক্ষে ভোট দিয়েছে ইইউ জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ইইউ বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ও রপ্তানি গন্তব্য। ২০২৫ সালে ইইউতে বাংলাদেশের রপ্তানি ছিল ২৩ দশমিক ৩ বিলিয়ন ইউরো, যা মোট রপ্তানির প্রায় ৫০ শতাংশ। গত ২৫ বছর ধরে ইবিএ কর্মসূচির আওতায় শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজার সুবিধা পাচ্ছে বাংলাদেশ।


উত্তরণ-পরবর্তী বাণিজ্য সুবিধা ধরে রাখতে নতুন বাণিজ্যিক ব্যবস্থা ও প্রস্তুতির ওপর গুরুত্ব দেন তিনি। আগামী এক দশকে স্বল্পমূল্যের শ্রমনির্ভর প্রতিযোগিতামূলক সুবিধা কমে আসতে পারে উল্লেখ করে উৎপাদন প্রযুক্তির আধুনিকায়ন, তৈরি পোশাক খাতে পুনর্ব্যবহার ও সার্কুলারিটি এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের তাগিদ দেন। তিনি সতর্ক করে বলেন, নির্ধারিত প্রস্তুতি ও রূপান্তরকাল শেষে নতুন বাণিজ্যিক ব্যবস্থা না থাকলে বাংলাদেশের রপ্তানি সাধারণ মোস্ট-ফেভারড-নেশন (এমএফএন) শুল্কের মুখে পড়তে পারে।


সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে দুই পক্ষ প্রাথমিক পর্যালোচনা করছে জানিয়ে তিনি বলেন, পারস্পরিক সুবিধা, বাজারে প্রবেশ, শ্রম অধিকার, পরিবেশ সুরক্ষা ও সুশাসনের ভিত্তিতে এ উদ্যোগ এগিয়ে নেওয়া হবে।


গ্লোবাল গেটওয়ে: অবকাঠামো ও বিনিয়োগ


ইইউর গ্লোবাল গেটওয়ে উদ্যোগের আওতায় জ্বালানি, পরিবহন, ডিজিটাল অবকাঠামো ও লজিস্টিকস খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ছে বলে জানান মাইকেল মিলার। ইতিমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর আধুনিকায়নে ১০টি এয়ারবাস কেনার চুক্তি হয়েছে। চট্টগ্রাম বন্দরে গ্রিন কনটেইনার টার্মিনাল নির্মাণ এবং দেশের প্রথম বিদ্যুৎচালিত রেলপথসহ রেল ব্যবস্থার আধুনিকায়নেরও উদ্যোগ রয়েছে। অনুদান, ঋণ, গ্যারান্টি ও কারিগরি সহায়তার সমন্বয়ে টিম ইউরোপের অর্থায়ন এবং সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতাও চলছে।


রাষ্ট্রদূত জানান, ইইউ ও ইনভেস্ট বাংলাদেশের যৌথ উদ্যোগে আগামী ৫ ও ৬ এপ্রিল ঢাকায় বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম অনুষ্ঠিত হবে। এতে তৈরি পোশাক খাতের সার্কুলারিটি ও পুনর্ব্যবহার, চামড়া, কৃষি-ব্যবসা ও লজিস্টিকস খাত গুরুত্ব পাবে। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে নীতিমালার পূর্বানুমানযোগ্যতা, চুক্তি বাস্তবায়ন, অবাধ প্রতিযোগিতা ও কার্যকর বাণিজ্য আদালত প্রয়োজন বলে মনে করেন রাষ্ট্রদূত।


অভিবাসন ও নিরাপত্তা সহযোগিতা


ইইউতে অনিয়মিত সীমান্ত পারাপারের ঘটনায় শনাক্ত ব্যক্তিদের জাতীয়তার তালিকায় গত দুই বছর ধরে বাংলাদেশ শীর্ষে রয়েছে বলে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, আগামী ডিসেম্বরে ইইউর ২৭ সদস্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের সঙ্গে অভিবাসন সহযোগিতা নিয়ে বিশেষ আলোচনা হবে। অভিবাসন ব্যবস্থাপনায় রিক্রুটিং এজেন্সিগুলোর কঠোর নিয়ন্ত্রণ, অসাধু মধ্যস্বত্বভোগীদের দমন, মানব পাচার প্রতিরোধ, বৈধ শ্রম অভিবাসনের পথ সম্প্রসারণ এবং রাশিয়ার ইউক্রেন যুদ্ধে বাংলাদেশি নাগরিকদের নিয়োগ বন্ধের ওপর গুরুত্ব দেন তিনি।


মানব পাচারকে অপরাধ হিসেবে গণ্য করে আইন পাস করায় বাংলাদেশের সংসদকে সাধুবাদ জানান রাষ্ট্রদূত। তিনি বলেন, অনিয়মিত অভিবাসন মোকাবিলা ও মানব পাচার প্রতিরোধে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের সঙ্গে সহযোগিতা কাঠামো নিয়ে আগামী জানুয়ারিতে ঢাকায় আলোচনা শুরু হবে বলেও জানান তিনি।


রোহিঙ্গা সংকটে ইইউর সহায়তা


রোহিঙ্গা গণহত্যার জবাবদিহি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক বিচারিক প্রক্রিয়ায় ইইউ সমর্থন দিচ্ছে জানিয়ে মাইকেল মিলার বলেন, ইউরোপীয় কমিশনের অর্থায়নে পরিচালিত একটি প্রকল্পের মাধ্যমে রোহিঙ্গা ভুক্তভোগীদের প্রতিনিধিদের আন্তর্জাতিক বিচার আদালতের শুনানিতে অংশগ্রহণ ও সাক্ষ্য দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। ২০১৭ সাল থেকে রোহিঙ্গা সংকটে ইইউ ৫০ কোটি ইউরোর বেশি মানবিক সহায়তা দিয়েছে। ২০২৬ সালে কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য ৩ কোটি ১৫ লাখ ইউরো মানবিক সহায়তা এবং ৫ কোটি ইউরো উন্নয়ন সহায়তা দেওয়া হচ্ছে। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করে রাষ্ট্রদূত বাংলাদেশের নতুন রোহিঙ্গা কৌশল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব ভাগাভাগির ওপর গুরুত্ব দেন।


ঢাকা-ব্রাসেলসের পরবর্তী কূটনৈতিক কর্মসূচি


আগামী দিনের কূটনৈতিক কর্মসূচী তুলে ধরে মাইকেল মিলার জানান, আগামী বছরের জুনে ব্রাসেলস সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে ইইউর শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক এবং গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশগ্রহণের কথা রয়েছে।


এ ছাড়া ডিসেম্বরে ব্রাসেলসে সম্ভাব্য এফটিএ নিয়ে প্রথম সরাসরি আলোচনা, জানুয়ারিতে ঢাকায় ফ্রন্টেক্সের সঙ্গে সহযোগিতা কাঠামো নিয়ে আলোচনা এবং ২০২৭ সালের প্রথমার্ধে পিসিএ স্বাক্ষরের প্রত্যাশা রয়েছে। মার্চে ব্রাসেলসে তৃতীয় ইন্দো-প্যাসিফিক মিনিস্টারিয়াল ফোরাম এবং আগামী ৫ ও ৬ এপ্রিল ঢাকায় ইইউ-ইনভেস্ট বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম অনুষ্ঠিত হবে। আগামী ২৬ থেকে ২৯ নভেম্বর ঢাকায় চার দিনব্যাপী ইউরোপীয় ইউনিয়ন চলচ্চিত্র উৎসবও আয়োজন করা হবে বলে জানান ইইউ রাষ্ট্রদূত।


বিবার্তা/এএম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com