থার্ড টার্মিনাল পরিচালনায় আসছে জাপানি কোম্পানি, চুক্তি হচ্ছে ১৫ বছরের
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১৭:২৯
থার্ড টার্মিনাল পরিচালনায় আসছে জাপানি কোম্পানি, চুক্তি হচ্ছে ১৫ বছরের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব উঠছে জাপানি সাব-ওয়ার্কিং গ্রুপের (এসডব্লিউজি) হাতে। এ জন্য কোম্পানিটির সঙ্গে ১৫ বছর মেয়াদি এক কনসেশন চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।


সোমবার (২৩ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।


চুক্তি অনুযায়ী, জাপানি কোম্পানির কাছ থেকে অগ্রিম ৮১ লাখ মার্কিন ডলার পাবে সরকার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা। পাশাপাশি যাত্রী ও কার্গো পরিবহন থেকে অর্জিত রাজস্বের ভাগও পাবে সরকার।


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রস্তাবটি সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে। ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।


জানা গেছে, থার্ড টার্মিনাল নির্মাণের পর এর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করে আর্থিক প্রস্তাব জমা দেয় জাপানি কোম্পানিটি। ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ প্রস্তাবটি যাচাই-বাছাই করে দর-কষাকষি সম্পন্ন করে। পরে প্রস্তাবিত কনসেশন চুক্তি লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের মাধ্যমে ভেটিং করা হয়। ভেটিংয়ের পর অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের মতামত নিয়ে চুক্তিটি চূড়ান্ত করা হয়।


চুক্তির শর্ত অনুযায়ী, টার্মিনাল-৩ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য কনসেশন পিরিয়ড হবে ১৫ বছর। এজন্য জাপানি কোম্পানিকে অগ্রিম ৮১ লাখ মার্কিন ডলার দিতে হবে।


চুক্তিতে যাত্রী ও কার্গো পরিবহন থেকে রাজস্ব ভাগাভাগির শর্তও রাখা হয়েছে। যাত্রী পরিবহনের ক্ষেত্রে মোট রাজস্বের ২৭ শতাংশ অথবা যাত্রীপ্রতি ২ দশমিক ১ মার্কিন ডলার এবং কার্গো পরিবহনের ক্ষেত্রে মোট রাজস্বের ২৭ শতাংশ অথবা প্রতি মেট্রিক টনে ১১ দশমিক ৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।


এছাড়া, এমবারকেশন ফি বাবদ ১২ দশমিক ৫ মার্কিন ডলারের বিষয়টি চুক্তিতে উল্লেখ রয়েছে। বর্তমানে স্থানীয় মুদ্রায় ৫০০ টাকা নেওয়া হয় এই খাতে।


গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ক্ষেত্রেও চুক্তিতে শর্ত রাখা হয়েছে। এতে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত সম্পন্ন করবে।


প্রকল্প হস্তান্তরের তারিখ থেকে ১৪ মাসের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের পূর্ণাঙ্গ পরিচালন কার্যক্রম চালু করতে হবে বলেও শর্ত রাখা হচ্ছে চুক্তিতে।


এদিকে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের উদ্বোধন হতে যাচ্ছে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।


সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আগামী ১৬ ডিসেম্বর প্রথমে চারটি ফ্লাইট দিয়ে থার্ড টার্মিনালের কার্যক্রম শুরু হবে। আস্তে আস্তে ফ্লাইট বাড়তে থাকবে। বিমান বাংলাদেশ, সিঙ্গাপুর এয়ারলাইনসসহ অন্য ফ্লাইট দিয়ে এটি শুরু হবে।


এর আগে আগামী ৩০ নভেম্বরের মধ্যে চুক্তি সই হবে বলেও জানান তিনি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com