
রাজধানীর নিউমার্কেট এলাকায় টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেফতার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৩ নভেম্বর) সকালে বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। এ মামলায় আজই তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।
এদিন দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো আকতার হোসেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, টিটন হত্যা মামলার তদন্তে সুইডেন আসলামের নাম আসায় তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এ ঘটনায় তার সম্পৃক্ততা কতটুকু, তা তদন্তের পর জানা যাবে। তাকে নিয়ম অনুযায়ী আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে।
সুইডেন আসলামের বিদেশযাত্রার চেষ্টা এবং চার দিন আগে থাইল্যান্ড থেকে দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে ডিসি আকতার হোসেন বলেন, ইমিগ্রেশন পুলিশ তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেছে। বর্তমানে তিনি ডিবির হেফাজতে রয়েছেন। তার বিদেশ যাওয়া বা দেশে ফেরার বিষয়ে বিস্তারিত তথ্য ইমিগ্রেশন পুলিশ দিতে পারবে।
তার বিরুদ্ধে তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা, এনএসআইয়ের নিষেধাজ্ঞা এবং অন্যান্য মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা হয়েছে এবং এখনো রয়েছে। কিছু মামলা তদন্তাধীন, আবার কিছু মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল করা হয়েছে। গ্রেফতারের পর ডিবি সব বিষয় পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা নেবে।
এক মাস ধরে সুইডেন আসলামকে নজরদারিতে রাখা হয়েছিল কি না, এমন প্রশ্নের জবাবে ডিসি আকতার হোসেন বলেন, শীর্ষ সন্ত্রাসীদের ওপর ডিএমপির গোয়েন্দা নজরদারি ও গ্রেফতার অভিযান অব্যাহত থাকে। নজরদারিতে রাখার অর্থ কাউকে ছেড়ে দেওয়া নয় বরং গ্রেফতারের প্রক্রিয়ার অংশ। সক্ষম হলেই গ্রেফতার করা হয়।
তিনি বলেন, টিটন হত্যা মামলার তদন্তে সুইডেন আসলামের নাম আসার পর তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তদন্তের মাধ্যমেই এ হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়টি স্পষ্ট হবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]