রুশ হামলার ১৪ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত শিশু উদ্ধার
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১১:৫৪
রুশ হামলার ১৪ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত শিশু উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে রাশিয়ার হামলায় ধসে পড়া একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপের নিচে ১৪ ঘণ্টা আটকে থাকার পর সাত বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।


রবিবার (২২ নভেম্বর) ভোরে চালানো এ হামলায় ডাইমার শহরে অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।


কিয়েভ অঞ্চলের প্রধান তিমুর তাকাচেঙ্কো জানান, ধসে পড়া ভবনটি থেকে ৭৯ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধার হওয়া শিশুটির শারীরিক অবস্থাও স্থিতিশীল। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও দেশটির জাতীয় পুলিশ শিশুটিকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। উদ্ধার অভিযানে পুলিশ, বিস্ফোরক বিশেষজ্ঞ, প্রশিক্ষিত কুকুরের দল ও চিকিৎসাকর্মীরা অংশ নিচ্ছেন।


জেলেনস্কি জানান, ঘটনাস্থলে ১৩০ জনের বেশি উদ্ধারকর্মী কাজ করছেন। নিখোঁজ প্রত্যেক ব্যক্তির বিষয়ে নিশ্চিত তথ্য না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে। তবে বারবার বিমান হামলার সতর্কতা জারি হওয়া এবং নতুন করে হামলার আশঙ্কায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।


ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কি বলেন, স্থানীয় সময় রোববার ভোর পাঁচটার দিকে আবাসিক ভবনটিতে হামলা হয়। তখন বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন। রোববার সন্ধ্যা পর্যন্ত ইউক্রেনের ১০টি অঞ্চলে ৭০টির বেশি হামলা চালানো হয়েছে।


এদিকে কিয়েভ অঞ্চলের বিলায়া তসেরকভা শহরে একটি বাড়িতে হামলায় একজন নিহত হয়েছেন। হামলার পর বাড়িটিতে আগুন ধরে যায় বলে জানান তিমুর তাকাচেঙ্কো।


একই অঞ্চলের ভিশনেভ শহরে একটি মুদি দোকানে হামলায় তিনজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন জেলেনস্কি। শহরটির মেয়র ইলিয়া দিকভ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, আহত ব্যক্তিদের মধ্যে তিনটি শিশু রয়েছে।


এ ছাড়া দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের একটি বিদ্যুৎ উপকেন্দ্রেও রাশিয়া হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সের্হি কোরেৎস্কি।


২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com