
নারায়ণগঞ্জের ফতুল্লায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে ছুরিকাঘাতে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে বলে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান।
নিহত আনোয়ার হোসেন (৩২) সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা ফাঁড়িতে কর্মরত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, “একজন এএসআই ও কনস্টেবল আনোয়ার সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহে গেলে তাদের ওপর কয়েকজন হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল আনোয়ার মারা গেছেন।”
ঘটনার সময় আনোয়ারের সঙ্গে থাকা এএসআই আব্দুস সাত্তার দৌড়ে প্রাণে বাঁচলেও তার শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রাত সাড়ে ১১টার দিকে পুলিশ কর্মকর্তা তারেক বলেন, তারা ঘটনাস্থলে রয়েছেন এবং হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
তিনি বলেন, হাশেমবাগ এলাকায় মাদকের একাধিক স্পট রয়েছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী আগেও অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও গ্রেফতার করেছে। এ হামলার পেছনে মাদক ব্যবসায়ীদের কোনো চক্র জড়িত কি না, তা তদন্ত করা হচ্ছে।
এর আগে চলতি বছরের মে মাসে একই এলাকায় এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে লুটপাটের তদন্তে গিয়ে পাঁচজনকে আটক করেছিল ফতুল্লা মডেল থানা পুলিশ। পরে তাদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে আটকদের ছিনিয়ে নেয়। তাদের বিরুদ্ধেও মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছিল।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]