
দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১৯ জন রোগী।
রবিবার (২২ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনসহ) সর্বোচ্চ ৭৫৫ জন রয়েছেন। এ ছাড়া খুলনা বিভাগে ১৭৪ জন, বরিশাল বিভাগে ১৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৫০ জন, রাজশাহী বিভাগে ১৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন এবং রংপুর বিভাগে ৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫১৮ জনের প্রাণহানি হলো। আর চলতি বছরের ২২ নভেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৭৩ হাজার ৪৭৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৬৭ হাজার ৮৮৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫ হাজার ৭০ জন ডেঙ্গু রোগী।
স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, এর আগে ২০২৫ সালে সারা দেশে ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এবং মৃত্যু হয়েছিল ৪১৩ জনের। ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন, সে বছর প্রাণহানি হয়েছিল ৫৭৫ জনের। আর বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি ছিল ২০২৩ সালে। ওই বছর সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]