দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১৬:৪৮
দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত চালাচ্ছে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।


রবিবার (২২ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।


প্রসিকিউটর গাজী তামিম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে। এই তদন্ত সারাদেশব্যাপী এবং সময়সাপেক্ষ ব্যাপার, যা বাংলাদেশের ইতিহাসে হয়নি। কিছুদিন সময় লাগতে পারে।


অন্তর্বর্তী সরকারের সময় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছিল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)।


এনডিএমের প্রতিষ্ঠাতা প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। নির্বাচনের সময় তিনি এই দল ছেড়ে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
পরে বিএনপি সরকারে প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি।


এরপর ২০২৫ সালের ৭ অক্টোবর তৎকালীন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে। তারা তদন্তকাজ খুব দ্রুতই সম্পন্ন করবেন। তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে দল হিসেবে বিচারের জন্য আওয়ামী লীগের ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।


দল অভিযুক্ত হলে বিচারে কী সাজা হবে, এমন প্রশ্নে তিনি বলেন, দলকে তো আর সাজা দেওয়া যাবে না। কী ধরনের সাজা দেওয়া যাবে, সেটা আইনে বলা আছে। যেমন- দলকে নিষিদ্ধ করা, সম্পদ জব্দ করা, নেতাকর্মীদের বিষয়ে নির্দেশনা জারি করা।


এরপর চলতি বছরের ৭ জুলাই চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, আওয়ামী লীগের সঙ্গে প্রাথমিক সংশ্লিষ্টতা আছে বলেই তদন্ত শুরু হয়েছে। আমাদের তদন্ত দল কাজ করছে। প্রাথমিক সংশ্লিষ্টতা তো আছেই। তদন্ত সম্পন্ন হওয়া সময়ের ব্যাপার।


প্রাথমিক সংশ্লিষ্টতার মধ্যে কী আছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই আন্দোলনের মধ্যে দলগতভাবে তাদের সংশ্লিষ্টতা আছে। ব্যক্তিগত দায় আছে। সুপিরিয়র দায় আছে। এগুলো নিয়েই আমাদের তদন্ত এগোচ্ছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com