
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইমামকে মিম্বর থেকে টেনে নামানো, মুসল্লিদের ওপর হামলা ও মসজিদের সম্পত্তি ভাঙচুরের ঘটনায় করা মামলায় সাবেক খতিব মুফতি রুহুল আমিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে উপস্থাপনের পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তার রিমান্ড আবেদন করেন।
ঘটনার পেছনে কোনো ব্যক্তি বা দলের প্ররোচনা ছিল কি না, অর্থের লেনদেন হয়েছে কি না এবং হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সংস্থাটি।
আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। এতে বলা হয়, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর জুমার নামাজের সময় বায়তুল মোকাররম মসজিদে এ ঘটনা ঘটে।
মামলার অভিযোগ অনুযায়ী, ওই দিন দুপুরে মসজিদে জুমার নামাজ আদায় করতে যান বাদী। এ সময় ইসলামী ফাউন্ডেশন থেকে দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করছিলেন। অভিযোগ রয়েছে, সাবেক খতিব মুফতি রুহুল আমিন অন্য আসামিদের নিয়ে মসজিদে প্রবেশ করে দায়িত্বপ্রাপ্ত ইমামকে মিম্বর থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে আঘাত করেন এবং তার হাত থেকে মাইক কেড়ে নেন।
এজাহারে আরও বলা হয়েছে, মুসল্লিরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করলে রুহুল আমিনের নির্দেশে এক আসামি লোহার রড দিয়ে বাদীর ডান চোখের নিচে আঘাত করেন। এতে তার চোখ গুরুতরভাবে জখম হয়। অন্য আসামিরা বাদীসহ মুসল্লিদের মারধর করেন। এ ঘটনায় বাদীর পকেট থেকে ৩০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। হামলায় ৫০ থেকে ৬০ জন মুসল্লি আহত হন এবং মসজিদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]