
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ১০ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সড়কে যাতায়াত করা শত শত গাড়ি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে মিরসরাই উপজেলার নিজামপুর (সরকারহাট) বাজারে নাহার এগ্রোর একটি পোল্ট্রি খাদ্য বোঝায় কাভার্ডভ্যান সড়কে উল্টে গেলে চট্টগ্রামমুখী লেনে এই যানজট সৃষ্টি হয়। এছাড়া সকাল সাড়ে ৭টার দিকে মিরসরাই পৌর সদরে থানা মসজিদের সামনে সড়কের মাঝে দুটি কাভার্ডভ্যান উল্টে যানজট দেখা দেয়।
সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নিজামপুর থেকে মিরসরাই সদর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার জুড়ে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে।
ট্রাকচালক সুজা উদ্দিন বলেন, গাজীপুর থেকে চট্টগ্রাম যাচ্ছি। যানজটে পড়ে বড়তাকিয়া এলাকায় ১ ঘণ্টা দাঁড়িয়ে আছি। কখন যানজট পরিস্থিতি স্বাভাবিক হবে বলতে পারছি না।
বারইয়ারহাট থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য চয়েস পরিবহনের একটি বাসে ওঠেন ইব্রাহিম খলিল। তিনি বলেন, ২০ মিনিটে বারইয়ারহাট থেকে বড়তাকিয়া চলে আসছি। এখানে যানজটে আটকা পড়ে বসে আছি। কতক্ষণ লাগে বুঝতেছি না।
আরেক যাত্রী ওয়াজি উল্লাহ বলেন, আমাদের দেশে গাড়ি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলে উদ্ধার করতে অনেক সময় লাগে। উদ্ধার করা পর্যন্ত কয়েক ঘণ্টায় সড়কে যানজট লেগে যায়। দ্রুত উদ্ধার করা গেলে যানজট সৃষ্টি হয় না।
এ বিষয়ে কুমিরা হাইওয়ে উপ-পরিদর্শক জিয়া উদ্দিন বলেন, মিরসরাইয়ের নিজামপুর এলাকায় একটি গাড়ি উল্টে যাওয়ার পর কিছুটা যানজট তৈরি হয়। আমরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেছি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]