
সিলেট বিভাগের যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে একসঙ্গে তিনটি বড় উদ্যোগের কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। গ্রামীণ সড়ক ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার বৃহৎ প্রকল্প, সুরমা নদীর ওপর ধনপুর সেতু নির্মাণ এবং সিলেট-ঢাকা রুটে আগামী ফেব্রুয়ারির মধ্যে নতুন ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) সিলেটবাসীর উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় এসব উন্নয়ন পরিকল্পনা ও উদ্যোগের কথা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী।
ভিডিও বার্তায় খন্দকার আব্দুল মুক্তাদির জানান, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সিলেট বিভাগের গ্রামীণ রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদন পেয়েছে বলে তিনি উল্লেখ করেন।
‘সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ বাস্তবায়িত হলে বিভাগের চার জেলার গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামোগত অবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। একই সঙ্গে এ বিভাগের সংসদ সদস্যদের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সুরমা নদীর ওপর নির্মিত হবে ধনপুর সেতু
সিলেট-১ নির্বাচনী এলাকার বাসিন্দাদের জন্য পৃথক আরেকটি সুখবর দিয়ে বাণিজ্যমন্ত্রী জানান, সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে সুরমা নদীর ওপর ‘ধনপুর ব্রিজ’ নামে একটি নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সেতুটি নির্মিত হলে নদীর দুই পাড়ের মানুষের যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য, কৃষি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে নদী পারাপারনির্ভর এলাকার মানুষের যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।
ফেব্রুয়ারির মধ্যে সিলেট-ঢাকা রুটে নতুন ট্রেন
সিলেট বিভাগের রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও নতুন উদ্যোগের কথা জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, রেল মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে তাঁর ফলপ্রসূ আলোচনা হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই সিলেট-ঢাকা রুটে একটি নতুন ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন ট্রেন চালু হলে সিলেট ও ঢাকার মধ্যে যাতায়াতকারী যাত্রীদের জন্য রেলপথে অতিরিক্ত সুবিধা তৈরি হবে। এতে যাত্রীদের ভোগান্তি কমার পাশাপাশি দুই অঞ্চলের যোগাযোগ আরও সহজ ও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
উন্নয়নের নতুন সম্ভাবনা দেখছেন সিলেটবাসী
গ্রামীণ সড়ক উন্নয়নে বড় বিনিয়োগ, সুরমা নদীর ওপর নতুন সেতু এবং ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন চালুর উদ্যোগ বাস্তবায়িত হলে সিলেট বিভাগের যোগাযোগব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। এসব প্রকল্প ও উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনপদের মানুষের জীবনযাত্রা, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় যাতায়াত আরও সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভিডিও বার্তার শেষ পর্যায়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সিলেটবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
বিবার্তা/জাহিদুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]