
কুষ্টিয়ার দৌলতপুর থানার সামনে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোকান থেকে ৮ লক্ষাধিক টাকা মূল্যের স্বর্ণালংকার চুরি হয়েছে বলে জানিয়েছেন দোকানের মালিক। এদিকে দোকানের সিসিটিভি ক্যামেরার ভিডিওতে চুরির সময় ৫জনের উপস্থিতি ও সন্দেহজনক গতিবিধি দেখা গেছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাশের একটি মুদি দোকানের মালিক শরিফুল ইসলামকে হেফাজতে নিয়েছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে থানা বাজারের হাসপাতাল রোডে অবস্থিত টুটুল হোসেনের স্বর্ণের দোকানে এ চুরির ঘটনা ঘটে। টুটুলহোসেন উপজেলার ঘোড়ামারা গ্রামের বাসিন্দা।
সিসিটিভি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, চোর চক্রের একসদস্য দোকানের ভেতরে প্রবেশ করে ক্যামেরাগুলো অকেজো করার চেষ্টা করছে। এ সময় দোকানের বাইরে আরও ৪জনকে অবস্থান করতে দেখা যায়। ভিডিওতে পাশের মুদি দোকানদার শরিফুল ইসলামকেও এগিয়ে এসে চক্রের সদস্যদের সঙ্গে কথা বলতে দেখা গেছে। তবে চুরির ঘটনায় তাঁর সম্পৃক্ততা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
চুরি যাওয়া দোকানের মালিক টুটুল হোসেন বলেন, ভোররাতে তাঁর স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে দোকান থেকে প্রায় সাড়ে ৮ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার চুরি হয়েছে। এঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, স্বর্ণের দোকানে চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাশের মুদি দোকানের মালিককে হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]