টাঙ্গাইলে কারখানার বর্জ্যে নষ্ট হচ্ছে ফসল
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১৮:৫২
টাঙ্গাইলে কারখানার বর্জ্যে নষ্ট হচ্ছে ফসল
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

টাঙ্গাইলের কালিহাতীতে ফসলি জমির পাশে গড়ে ওঠা কয়েকটি রাইস মিল ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বর্জ্যে দূষিত হচ্ছে কৃষিজমি। এতে নষ্ট হচ্ছে ধানসহ বিভিন্ন ফসল। কৃষকদের অভিযোগ, কারখানার রাসায়নিক বর্জ্য ও দূষিত পানির কারণে জমির উর্বরতা কমে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হলেও মিলছে না কোনো ক্ষতিপূরণ। এসব প্রতিষ্ঠানের কয়েকটির প্রয়োজনীয় লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র না থাকার অভিযোগও উঠেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, কালিহাতী উপজেলায় বিভিন্ন রাইস মিল ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এর মধ্যে এশিয়া মাল্টি এগ্রো ফুডের বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল চাল বাজারজাতের অভিযোগ রয়েছে। অন্যদিকে প্রগতি এগ্রো ফুড, স্বদেশ অটোমেটিক রাইস মিল ও কালিহাতী এগ্রো ফুডের বর্জ্যে আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ কৃষকদের।


সরেজমিনে কালিহাতী-বল্লা সড়কের পাশে মেসার্স এশিয়া মাল্টি এগ্রো ফুডে খাদ্য উৎপাদন কার্যক্রম দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, ঘনবসতিপূর্ণ এলাকা ও তিন ফসলি জমির পাশে এসব প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। কারখানার বর্জ্য ব্যবস্থাপনার যথাযথ ব্যবস্থা না থাকায় পরিবেশ ও কৃষি হুমকির মুখে পড়েছে।


কৃষক আনিসুর রহমান জানান, কারখানার রাসায়নিক বর্জ্য ও দূষিত পানির কারণে জমিতে ধানের ফলন কমে গেছে। উৎপাদিত ফসলেরও বড় একটি অংশ নষ্ট হয়েছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়লেও কারখানার মালিকদের কাছ থেকে কোনো ক্ষতিপূরণ পাননি তাঁরা।


কৃষক বেল্লাল হোসেন অভিযোগ করে বলেন, এসব কারখানার অধিকাংশের প্রয়োজনীয় লাইসেন্স নেই। পরিবেশ অধিদপ্তরে মৌখিকভাবে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। সংশ্লিষ্ট দপ্তরের কিছু কর্মকর্তার যোগসাজশে অবৈধ প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।


নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, এশিয়া মাল্টি এগ্রো ফুডে অস্বাস্থ্যকর পরিবেশে চাল উৎপাদন করা হচ্ছে। অভিযোগ রয়েছে, চাল কেটে ছোট ছোট করে বিভিন্ন মোড়কে বাজারজাত করা হয়। অন্যদিকে কয়েকটি প্রতিষ্ঠানের বর্জ্যে আশপাশের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে।


এ বিষয়ে এশিয়া মাল্টি এগ্রো ফুডের মালিক লুৎফর জানান, কারখানার লাইসেন্সের জন্য প্রাথমিক অনুমোদন পেতে পরিবেশ অধিদপ্তরে আবেদন করেছেন।


জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মঈনুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বিবার্তাকে বলেন, পরিবেশ অধিদপ্তরের প্রাথমিক অনুমোদনের ভিত্তিতেই খাদ্য উৎপাদনের লাইসেন্স দেওয়া হয়। কোন কোন কারখানা অবৈধভাবে পরিচালিত হচ্ছে, সেগুলোর তালিকা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জহিরুল ইসলাম বলেন, অভিযুক্ত কয়েকটি কারখানার বিষয়ে তিনি অবগত আছেন। এর আগে একটি কারখানায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছিল। অন্য প্রতিষ্ঠানগুলোর বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com