
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আওয়ামীপন্থী দুই কর্মকর্তাকে মারধর ও কক্ষ ভাঙচুর করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পাশাপাশি প্রশাসন ভবনের গোপনীয় শাখার একটি কক্ষের দরজা ভাঙচুর করেন তারা।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ ও সদস্য সচিব রাফিজ আহমেদের নেতৃত্বে তাদের মারধর ও কক্ষ ভাঙচুর করা হয়।
ভুক্তভোগী কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার উপ-রেজিস্ট্রার চন্দন কুমার দাস ও আইসিটি সেলের কম্পিউটার প্রোগ্রামার মেহেদী হাসান।
জানা যায়, এদিন দুপুরে দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বর থেকে শুরু হয়ে প্রশাসন ভবনে কয়েকবার শোডাউন দিয়ে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখান থেকে শাখা ছাত্রদলের আহ্বায়ক, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে ফের প্রশাসন ভবনে গিয়ে উপ-রেজিস্ট্রার চন্দন কুমার দাসকে মারধর করেন। এ সময় চন্দনের ঠোঁট কেটে যায় ও শার্ট ছিঁড়ে যায়। পরে মেহেদী হাসান একই স্থান থেকে যাওয়ার সময় তাকেও মারধর করেন।
এতে তার পা কেটে যায় ও মাথায় আঘাত লাগে। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা গ্রহণ করেন। পরে সেখান থেকে গিয়ে বিশ্ববিদ্যালয়ের গোপনীয় শাখার কক্ষের দরজা ভাঙচুর করেন ছাত্রদল নেতাকর্মীরা।
ভুক্তভোগী চন্দন কুমার দাস বলেন, আমি নিজ রুমে ভাত খাচ্ছিলাম। ছাত্রদলের নেতাকর্মীরা হঠাৎ রুমে এসে আমাকে মারধর শুরু করেন।
এতে আমার ঠোঁট কেটে যায়, শার্ট ছিঁড়ে যায়। আমাকে কেন মারধর করেছেন আমি কিছুই জানি না। তারাও কিছু বলেননি আমাকে।
ভুক্তভোগী মেহেদী হাসান বলেন, আমি একটি কাজে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের দিকে গিয়েছিলাম। এসময় ‘ধর শালাকে’ বলে কিছু লোক আমাকে হঠাৎ মারধর শুরু করেন। আমি কোনোরকম ছুটে গিয়ে তিনতলার একটি রুমে লুকাই। মারধরে আমার পা কেটে যায়, মাথায়ও আঘাত লাগে। পরে মেডিক্যালে চিকিৎসা নিয়েছি।
শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন বলেন, আমাদের কাছে তথ্য আছে চন্দন ছাত্রলীগকে অর্থ দিয়ে হামলায় সহযোগিতা করেন। কিছুদিন আগে ভাটই বাজারে শিক্ষার্থীদের বাসে হামলার অর্থের জোগান তিনিই দিয়েছিলেন। এ ছাড়া তিনি ছাত্রলীগের সঙ্গে মিটিংয়েও অংশ নেন। ছাত্রদলের ছেলেরা উনাকে সম্ভবত দুই-একটা চড়থাপ্পড় মেরেছে। কক্ষের দরজা ভেঙেছে কি না এই বিষয়ে আমি নিশ্চিত নই। ছেলেরা অনেকে ছিল হয়তো দরজায় কারো আঘাত লাগতে পারে।
এই বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।
উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, মারধরের বিষয়টি আমি শুনেছি। ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]