
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় গিয়ে অবস্থান করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১৮ নভেম্বর) বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও জোরদার করা এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শুরু হয়। এতে দলের সংসদীয় দলের সদস্যরা অংশ নেন। বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠক সূত্রে জানা গেছে, দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় সক্রিয়ভাবে অবস্থান করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। নিজ নিজ এলাকায় থেকে দলীয় কার্যক্রম পরিচালনার পাশাপাশি তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর বিষয়েও নির্দেশনা দেয়া হয়। জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখা এবং তাদের সঙ্গে দলের সম্পৃক্ততা আরও বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
বৈঠকে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সহিংসতা ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি এবং এসব বিষয়ে দলের পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করেন সংসদীয় দলের সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, দেশের বর্তমান পরিস্থিতিতে দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় উপস্থিতি নিশ্চিত করা এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম সক্রিয় রাখার বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়। প্রধানমন্ত্রীর নির্দেশনার মাধ্যমে সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় থেকে দলীয় কার্যক্রম পরিচালনা ও জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানোর বিষয়টি সামনে এসেছে।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু বৈঠকের সময়সূচি নিশ্চিত করে জানান, বুধবার দুপুর আড়াইটায় বৈঠক শুরু হয়েছিল। বিকেল ৩টা ৫৫ মিনিটে বৈঠকটি শেষ হয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]