পটুয়াখালীতে জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে আগুন
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০০:৫৪
পটুয়াখালীতে জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে আগুন
পটুয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কার্যক্রম নিষিদ্ধ পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।


বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে পটুয়াখালী পৌর শহরের দক্ষিণ সবুজবাগ এলাকায় তার নিজস্ব বাসভবনে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে হঠাৎ বাড়ির একটি কক্ষ থেকে আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে তার বাসভবনের বিভিন্ন অংশ পুড়ে যায়। এ জ্ঞটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


স্থানীয়দের ধারণা, আগামীকাল ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে।


পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নেভানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তারা এখনও সেখানে রয়েছেন। কারা এ ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে এখনও জানা যায়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর। এরপর থেকে ওই বাড়িতে তিনি কিংবা তার পরিবারের কোনো সদস্য বসবাস করতেন না।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com