
কয়েক দিনের ব্যবধানে দেশের তাপমাত্রা কমে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। এদিন চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেল তেঁতুলিয়া। ভারি কুয়াশায় আচ্ছাদিত হয়ে পড়ে জনপদ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ। আগের দিন বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ দশমিক ২ ডিগ্রি।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি, রোববার ১৬ দশমিক ৪ ডিগ্রি, শনিবার ১৫ দশমিক ৮ ডিগ্রি এবং শুক্রবার ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
শীতপ্রবণ এই অঞ্চলের বাসিন্দারা জানান, দিনের বেলায় রোদ থাকায় গরম অনুভূত হলেও সন্ধ্যা নামার পর আবহাওয়া বদলে যাচ্ছে। রাতে লেপ-কম্বল গায়ে জড়াতে হচ্ছে। ভোরে বাইরে বের হলেও শীত অনুভূত হচ্ছে।
হাফিজাবাদ এলাকার কৃষক মোবারক হোসেন বলেন, নিজের বাগানের সবজি নিয়ে আড়তে যাচ্ছি হঠাৎ করেই আজ শীত বেড়ে গেছে। দিনে গরম লাগে, ঘরে ফ্যান চালাতে হয়। কিন্তু সন্ধ্যার পর থেকেই ঠান্ডা বাড়তে থাকে। রাতে লেপ-কম্বল ছাড়া থাকা কঠিন হয়ে পড়ছে। পঞ্চগড় স্টেডিয়াম মার্কেটে পিঠা বিক্রি করেন কমলা বেগম, তিনি বলেন আজ ভোরে ঠান্ডা থাকায় তার পিঠা বেশ বিক্রি হয়েছে।
স্থানীয় বাসিন্দা গনি মিঞা বলেন, কয়েক দিন আগেও রাতে এত ঠান্ডা ছিল না। এখন ভোরে বাইরে বের হলে শীত লাগে। আবহাওয়ার এমন পরিবর্তনে শিশু ও বয়স্কদের নিয়ে একটু বেশি সতর্ক থাকতে হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আগামী দিনগুলোতে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে। ডিসেম্বর মাসে পঞ্চগড় জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
জেলা প্রশাসক মোছা শুকরিয়া পারভিন বলেন, শীত কবলিত মানুষের সুরক্ষায় প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। শীত বস্ত্রসহ আর্থিক সহায়তা চেয়ে মন্ত্রণালয়ে বার্তা পাঠানো হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]