মশাল মিছিলের মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১৮:৪২
মশাল মিছিলের মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

ছাত্রলীগের মশাল মিছিল ও নাশকতার অভিযোগে করা মামলায় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরুসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।


বুধবার (১৮ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক পুলিশের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।


কারাগারে পাঠানো অপর দুজন হলেন— কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত ও ব্যারিস্টার রানা তাজউদ্দিন খান। শুনানি শেষে ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।


পুলিশের আবেদনে বলা হয়েছে, বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলাটি বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে। মামলার সুষ্ঠু তদন্ত, অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত এবং ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটনে তিনজনকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।


মামলার এজাহার অনুযায়ী, গত ৭ আগস্ট রাত ১২টা ২০ মিনিটের দিকে বনানী থানার স্টেডিয়ামের বিপরীত পাশে সড়কে মশাল হাতে মিছিল করছিলেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পুলিশি আবেদনে দাবি করা হয়েছে, মিছিলে ১০০ থেকে ১২০ জন অংশ নেন। তারা সরকারবিরোধী স্লোগান দিয়ে নাশকতার চেষ্টা করেন।


আবেদনে আরও বলা হয়, পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলে অংশ নেয়া ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এসময় সাতজনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্ক। পরে ঘটনাস্থল ও আশপাশ থেকে ৭০টি অর্ধপ্রজ্বলিত মশাল, একটি ব্যানার এবং ৭০টি কালো ফেসমাস্ক জব্দ করা হয়। ব্যানারে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজবন্দিদের মুক্তির দাবি লেখা ছিল।


তদন্ত কর্মকর্তার আবেদনে দাবি করা হয়েছে, গ্রেফতার তিনজন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য। তাদের মধ্যে ব্যারিস্টার রানা তাজউদ্দিন খান বোমা তৈরিতে অর্থ সরবরাহ ও সংগঠকের ভূমিকা পালন করেছেন বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে আদালতে তাদের বক্তব্য পাওয়া যায়নি।


আবেদনে আরও বলা হয়, জামিনে মুক্তি পেলে আসামিরা তদন্তে বিঘ্ন সৃষ্টি করতে পারেন এবং আত্মগোপনে যেতে পারেন। অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও মামলার রহস্য উদ্‌ঘাটনে প্রয়োজনে তাদের রিমান্ডে নেয়ার প্রয়োজন হতে পারে বলেও উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।


পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, বুধবার সকালে রাজধানীর বারিধারা ডিওএইচএসের বাসা থেকে হিরুকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-০১)। পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


হিরু নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com