
আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তাশঙ্কায় রাজধানী ঢাকা থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে বরিশাল ও পটুয়াখালী রুটে কিছু বাস চললেও তা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম। এদিকে রাজধানীতে শহরতলী বাসও কম চলতে দেখা গেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে দেখা গেছে, দেশের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী বেশিরভাগ বাসসেবাই বন্ধ রয়েছে। রাজধানীর অভ্যন্তরীণ রুটেও বাসের সংখ্যা স্বাভাবিকের তুলনায় কম দেখা গেছে।
পরিবহন মালিক ও শ্রমিকরা বলছেন, দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, যানবাহনে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে গোপালগঞ্জ ও আশপাশের এলাকার পরিস্থিতি বিবেচনায় নিয়ে অনেক পরিবহন মালিক বাস চলাচল বন্ধ রেখেছেন। পাশাপাশি যাত্রীসংখ্যা কম থাকায় বাসের ট্রিপও কমিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকায় গিয়ে দেখা যায়, দূরপাল্লার বাসের কাউন্টারগুলোতে যাত্রীদের উপস্থিতি তুলনামূলক কম। খুলনা, যশোর ও গোপালগঞ্জসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বরিশাল ও পটুয়াখালী রুটে কিছু বাস চললেও তা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম।
দূরপাল্লার বাসের বেশিরভাগ কাউন্টার রয়েছে যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায়। সেখানে দশমিনা পরিবহনের টিকিট বিক্রেতা আব্দুল কাদের মৃধা বলেন, খুলনা, গোপালগঞ্জ, যশোরসহ বিভিন্ন জেলায় চলাচলকারী গাড়ি বন্ধ আছে। বরিশাল, পটুয়াখালী রুটের কিছু গাড়ি চলাচল করছে।
তিনি বলেন, পটুয়াখালী রুটে যেখানে ৩০টা গাড়ি যেত, সেখানে সকাল ১০টা পর্যন্ত গাড়ি গেছে ১০-১২টার মতো।
পরিবহন সংশ্লিষ্টরা জানান, গোপালগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় যাতায়াতকারী বাসের নিরাপত্তা নিয়ে মালিকদের মধ্যে উদ্বেগ রয়েছে। সহিংসতার আশঙ্কায় অনেকেই গাড়ি রাস্তায় নামাতে চাইছেন না। যেসব রুটে বাস চলাচল করছে, সেখানেও ট্রিপের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে।
শুধু দূরপাল্লার বাস নয়, ঢাকার অভ্যন্তরীণ বিভিন্ন রুটেও বাস চলাচল কম দেখা গেছে। সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা, বেলা বাড়তেই দেখা মিলেছে বৃষ্টির।
যাত্রাবাড়ী ও সায়েদাবাদ থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় চলাচলকারী লোকাল বাসের সংখ্যাও ছিল তুলনামূলক কম। তবে, কিছু বাস চলাচল করছে, গণপরিবহন পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। যানবাহনের সংখ্যা কম থাকায় ভোগান্তিতে পড়েন অনেক অফিসমুখী মানুষ।
যাত্রাবাড়ীর রায়েরবাগ, শনির আখড়াসহ বিভিন্ন জায়গায় যাত্রীদের যানবাহনের জন্য দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
দূরপাল্লার গাড়ির সঙ্গে ঢাকার মধ্যে চলাচল করা গাড়ির সংখ্যা কম হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী অংশ ছিল অন্যান্য দিনের চেয়ে অনেকটাই ফাঁকা।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে লকডাউন কর্মসূচি ঘিরে পরিবহন খাতে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। ফলে, যাত্রাবাড়ী ও সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস চলাচল অনেকটাই সীমিত হয়ে পড়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]