
এসএমইখাতেই ২৫ লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে বলে জানিয়েছেন,প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এসএমই খাতে সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ । অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ গড়তে এসএমই খাতের বিকল্প নেই।
তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উৎপাদন-বিপণন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। এর মাধ্যমেই ইউরোপের বহু দেশ এগিয়ে গেছে।
রবিবার (২২ নভেম্বর) জাতীয় এসএমই পণ্যমেলার উদ্বোধনীতে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, মূলধন ও প্রযুক্তির অভাব, ঋণপ্রাপ্তির জটিলতা দক্ষ জনবলের সংকট এসএমই বিপণন বিকাশে প্রধান প্রতিবন্ধকতা। সহজ শর্তে ঋণ, প্রণোদনা ও সরকারি-বেসরকারি উদ্যোগ এ সমস্যা দূর করতে পারে।
এসএমই খাতের বিকাশে সরকার নানামুখী পদক্ষেপ নিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় এসএমই নীতিমালা ২০২৬ এর খসড়া তৈরি আছে। শীগগিরই মন্ত্রিসভায় অনুমোদন পাবে। এ নীতিমালার রূপকল্প হবে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব ও এক্সপোর্টিং গেটওয়ে হিসেবে গড়ে তোলা।
তিনি আরও বলেন, অর্থনীতিতে এসএমই শিল্পখাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করতে চায় সরকার। এই খাতেই ২৫ লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে।
২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতি ১ ট্রিলিয়ন ডলারে রূপান্তরের প্রকল্পের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে শুধু স্থানীয় বাজারে সীমাবদ্ধ রাখলেই হবে না। একে রফতানিমুখী উৎপাদনের অংশ হিসেবে গড়ে তোলা এখন সময়ের দাবি।
তিনি বলেন, তৈরি পোশাক শিল্পের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে নিজের পরিচয় তৈরি করেছে। অন্যান্য সম্ভাবনাময় খাতেও উদ্যোক্তাদের অবদান বাড়ানোর সময় চলে এসেছে।
তিনি আরও বলেন, ইতালির একেকটি অঞ্চল একেক পণ্যের জন্য বিখ্যাত। এভাবে ইন্ড্রাস্টিয়াল ক্লাস্টার দেশটিকে শিল্পোন্নত করেছে। তার অধিকাংশই ক্ষুদ্র শিল্প৷
আগামী দিনের পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে এরকম পণ্যমেলার আয়োজন করতে চাই। যেখানে আমাদের দেশের ক্ষুদ্র উদ্যোক্তারা অংশ নেবেন। ইন্টারন্যাশনাল বিজনেস ভেন্যুতে পার্টিসিপেট করতে চাই।
আগামী ৫ বছরের মধ্যে কমপক্ষে ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং ই-কমার্স আধুনিকায়ন প্রশিক্ষণ দেয়া হবে৷ প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রিতা দূর করতে কাজ করছে সরকার, জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, সরকারের প্রত্যাশা, এসএমই উৎপাদন ও মার্কেটিং দেশের পাশাপাশি অন্য দেশেও বাজার তৈরি করতে পারবে।
তরুণদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, চাকরি খুঁজে বছরের পর বছর পার করা বুদ্ধিমানের কাজ নয়। বরং এসএমই উদ্যোক্তা হয়ে কর্মসংস্থান সৃষ্টি করা প্রয়োজন।
নারী উদ্যোক্তাদের জন্য সরকারি পদক্ষেপ উল্লেখ করে তিনি বলেন, 'এসএমই সৃষ্টি' নামে বিশেষ কর্মসূচি নেয়া হয়েছে। আগামী চার বছরে প্রতিটি জেলায় ১০০ জন করে উদ্যোক্তা তৈরি করা হবে। নতুন ২৫ হাজার উদ্যোক্তা সৃষ্টি হবে।
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আজ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ‘১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬‘ চলবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]