
পুত্র সন্তানের মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ। ঢাকার একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি।
ছেলের নাম রেখেছেন ওহী বিন ওয়াদুদ। মা হওয়ার পর এখন সন্তানকে ঘিরেই কাটছে তাঁর দিন। নতুন এই অভিজ্ঞতায় বদলে গেছে জীবনের রুটিন, বদলে গেছে প্রতিদিনের ব্যস্ততাও।
মৌসুমী হামিদ বলেন, ‘মা হয়েছি। কিন্তু আমাদের ব্যক্তিগত কিছু কারণে তারিখটা বলতে চাই না।’ মা হওয়ার অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘জীবনের এই সময়ের জন্য বহু প্রতীক্ষা করেছি। সন্তানকে প্রথম দেখা, স্পর্শ করা—এই অনুভূতি বোঝানো কঠিন। এখন শুধু এটাই মনে হচ্ছে, দারুণ সময় কাটছে। ছেলের সঙ্গে আমি নিজেকে মানিয়ে নিচ্ছি। ছেলের ঘুমানো, খাওয়ার সঙ্গেই আমার রুটিন। এমনও হয়, দুই ঘণ্টাও ঘুমানোর সময় পাই না।’
সন্তানের জন্মের পর প্রথম দুই দিন ঠিকমতো ছেলেকে দেখতে পারেননি মৌসুমী। পরে যখন ভালো করে দেখলেন, তখন তাঁর মনে হয়েছে, ছেলের চেহারায় তাঁরই ছাপ রয়েছে। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘প্রথম দিন বুঝতে পারছিলাম, নড়াচড়া করছে। হাত-পা নাড়াচ্ছে। পরে যখন ভালো করে দেখলাম, তখন দেখি ছেলে আমার মতো হয়েছে। ছেলেটা সুস্থ থাকুক, ভালো থাকুক—এ জন্য সবার কাছে দোয়া চাই।’
মা হওয়ার এই সময়ে স্বামী, শাশুড়ি ও পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছেন মৌসুমী। তাঁদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি। গত জুলাইয়ে মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন এই অভিনেত্রী। তখনই স্বামী আবদুল ওয়াদুদকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। তাঁদের দীর্ঘদিনের বন্ধুত্বের কথা জানিয়ে মৌসুমী বলেছিলেন, তাঁরা ১৪ বছরের পুরোনো বন্ধু। দুজনের চিন্তাভাবনায় মিল থাকায় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]