‘শাসক শ্রেণির ক্ষমতাকেন্দ্রিক সহিংস রাজনীতি দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে’
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৯:২২
‘শাসক শ্রেণির ক্ষমতাকেন্দ্রিক সহিংস রাজনীতি দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

দেশে রাজনৈতিক সংঘাত, হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ ও দখলদারিসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী শাসনের পতন ঘটলেও মানুষের নিরাপত্তা, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা পূরণ হয়নি।


শনিবার (২১ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এসব কথা বলেন। বিবৃতিতে তারা বলেন, শাসক শ্রেণির ক্ষমতাকেন্দ্রিক সহিংস রাজনীতি দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। ক্ষমতার পরিবর্তন হলেও ক্ষমতাকেন্দ্রিক সহিংসতা, দুর্নীতি, দখলদারি, বৈষম্য ও শোষণের কাঠামো এখনো অক্ষত রয়েছে।


নড়াইলসহ দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক প্রতিশোধ ও সংঘাতের নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, গত ১৮ নভেম্বর সন্ধ্যায় নড়াইলের কালিয়া উপজেলায় ক্ষমতাসীন দলের মিছিলে হামলায় বিএনপির দুই নেতা নিহত হন।


এ ঘটনার পর এলাকায় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পাল্টা সহিংসতায় সাধারণ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর আক্রান্ত হওয়ার অভিযোগও উঠেছে।


এসব ঘটনার বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে সিপিবির নেতারা বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে সব অপরাধীকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।


বিবৃতিতে তারা বলেন, শাসক শ্রেণির অভ্যন্তরীণ ক্ষমতার সংঘাতের সুযোগ নিচ্ছে উগ্র ডানপন্থী ও সাম্প্রদায়িক শক্তি। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা সরকারের মৌলিক দায়িত্ব। দেশকে শাসকগোষ্ঠী ও মৌলবাদী শক্তির অপরাজনীতি থেকে রক্ষা করতে সাধারণ খেটে খাওয়া মানুষকে বামপন্থী ও গণতান্ত্রিক বিকল্প রাজনীতির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com