আইসিজের রায় রোহিঙ্গাদের ন্যায়বিচারের সংগ্রামে গুরুত্বপূর্ণ মাইলফলক: সাইফুল হক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ২০:৫১
আইসিজের রায় রোহিঙ্গাদের ন্যায়বিচারের সংগ্রামে গুরুত্বপূর্ণ মাইলফলক: সাইফুল হক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত জেনোসাইডের দায় প্রতিষ্ঠায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, এই রায় রোহিঙ্গাদের ন্যায়বিচারের সংগ্রামে গুরুত্বপূর্ণ মাইলফলক। একই সঙ্গে জেনোসাইডের বিচারের ক্ষেত্রে এটি আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে।


শুক্রবার (২০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাইফুল হক বলেন, আইসিজের এই রায়ের মধ্য দিয়ে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যা আন্তর্জাতিক বিচারিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ স্বীকৃতি পেয়েছে। এর ফলে গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবি আরো জোরালো ভিত্তি পেয়েছে।


তিনি বলেন, এই রায় শুধু রোহিঙ্গাদের ন্যায়বিচারের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বিশ্বের যেকোনো প্রান্তে জেনোসাইডের বিরুদ্ধে লড়াই এবং অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নজির হয়ে থাকবে।


বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, মিয়ানমারের সামরিক জান্তা ও অন্যান্য সশস্ত্র পক্ষের সহিংসতা এবং নিপীড়নের কারণে দীর্ঘদিন ধরে নিজ ভূমি থেকে বিতাড়িত রোহিঙ্গারা। বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ থেকে ১৪ লাখ রোহিঙ্গার নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের অন্যতম জরুরি দায়িত্ব। তিনি বলেন, জেনোসাইডের দায় প্রতিষ্ঠার পর রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টি আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাদের নিজ দেশে ফিরে যাওয়ার জন্য নিরাপত্তা, নাগরিক অধিকার ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে মিয়ানমারের ওপর কার্যকর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে।


কেবল প্রত্যাবাসনের উদ্যোগ নিলেই হবে না, নিজ ভূমিতে নিরাপদে ফিরে যাওয়ার বাস্তব পরিবেশও নিশ্চিত করতে হবে।
জেনোসাইডকে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখার সুযোগ নেই উল্লেখ করে সাইফুল হক বলেন, জেনোসাইডের বিচার আন্তর্জাতিক দায়। রোহিঙ্গাদের ক্ষেত্রে যে বিচারিক প্রক্রিয়া এগিয়েছে, বিশ্বের অন্যত্র সংঘটিত জেনোসাইডের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করতে হবে। গাজাসহ বিভিন্ন স্থানে সংঘটিত জেনোসাইড ও মানবতাবিরোধী অপরাধের বিচারেও আন্তর্জাতিক আইন প্রয়োগে দ্বৈত মানদণ্ড পরিহার করতে হবে।


তিনি আরও বলেন, রোহিঙ্গাদের ন্যায়বিচার ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশকে আরো সক্রিয় কূটনৈতিক উদ্যোগ নিতে হবে।


একই সঙ্গে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে হবে। জেনোসাইডের বিচার এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন—দুটিকেই সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়ার দাবি জানান তিনি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com