
নোয়াখালীর বেগমগঞ্জে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টার দিকে চৌমুহনী পৌরসভার নাপিতের পোল এলাকায় এ ঘটনা ঘটে। তবে ব্যাংকের কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) এএনএম ইমরান খাঁন এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত ব্যক্তিদের অনেকের নাম-পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের আইনের আওতায় আনতে কাজ চলছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালনরত পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির বলেন, আওয়ামী লীগ নেতা-কর্মীরা যেখান থেকে মিছিল বের করেন, তার পাশেই গ্রামীণ ব্যাংকের কার্যালয়। পরে তারা কার্যালয়ের প্রধান ফটকে আগুন ধরিয়ে দেন। তবে ব্যাংকের কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ সময় জানালার দুটি থাই গ্লাস ভাঙচুর করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ইমরান খাঁন বলেন, খবর পেয়ে তিনি থানা-পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান এবং সন্ধ্যা পর্যন্ত সেখানে অবস্থান করেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অধিকাংশের নাম-পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]