
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ উপলক্ষে তিনি টাঙ্গাইল পৌর এলাকার বেবিস্ট্যান্ড জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার প্রায় ১ হাজার এতিম শিক্ষার্থীর জন্য দুপুরের খাবারের আয়োজন করেন।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে বেবিস্ট্যান্ড এলাকার ওই মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন করা হয়। মেন্যুতে ছিল গরুর মাংস, ডাল ও ভাত। প্রতিমন্ত্রী নিজেও এতিম শিক্ষার্থীদের সঙ্গে বসে একই খাবার গ্রহণ করেন।
এর আগে দুপুরে ঢাকা থেকে সরাসরি টাঙ্গাইলে এসে বেবিস্ট্যান্ড এলাকার টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন।
জুমার নামাজ শেষে মাদ্রাসা ও এতিমখানায় আয়োজিত খাবার পরিবেশন কার্যক্রমে অংশ নেন তিনি। এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও মুসল্লিদের অংশগ্রহণে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহমেদুল হক সাতিল, সাবেক সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিরা।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]