
কৃষি উৎপাদন বৃদ্ধি, চাষাবাদে কৃষকদের উৎসাহিত করা এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ঝিনাইদহের কোটচাঁদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১২ টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে সরিষা ও মসুর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আজিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি এস.কে.এম সালাহউদ্দিন বুলবুল সিডল এবং পৌর জামায়াতের আমির আব্দুল কাইয়ুমসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষকদের উৎপাদন খরচ কমানো, অনাবাদি জমি চাষের আওতায় আনা এবং দেশে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় প্রণোদনার আওতায় পাওয়া বীজ ও সার যথাযথভাবে ব্যবহার করে কাঙ্ক্ষিত ফলন অর্জনে কৃষকদের প্রতি আহ্বান জানান তাঁরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে কোটচাঁদপুর উপজেলার মোট ১ হাজার ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ প্রণোদনার আওতায় সহায়তা পাচ্ছেন। কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে বিনামূল্যে সরিষা ও মসুরের বীজের পাশাপাশি ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রণোদনার আওতাভুক্ত কৃষকরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/রায়হান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]