৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১৫:৩৫
৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
বগুড়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, ওইদিন বগুড়ার মোকামতলা হাইস্কুল মাঠে যাবেন এবং একই দিন তিনি মোকামতলা উপজেলা, থানা ও পৌরসভার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।


শুক্রবার (২০ নভেম্বর) বগুড়ার মোকামতলা ও শিবগঞ্জ হাইস্কুল মাঠে আয়োজিত পৃথক অনুষ্ঠানে এ তথ্য জানান


প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর এ সফরে মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৩ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীত করার কাজের উদ্বোধন করা হবে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০০ কোটি টাকা। পাশাপাশি মোকামতলাসহ নতুন তিনটি পৌরসভাকে ডিজিটাল মাস্টারপ্ল্যানের আওতায় আধুনিক মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।


এ ছাড়া তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সংস্কৃতিতে সম্পৃক্ত করতে মোকামতলা খেলার মাঠের পাশে ইনডোর স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। সেখানে সারা বছর খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা যাবে। প্রাথমিক শিক্ষার্থীদের বিনা মূল্যে পোশাক ও জুতা এবং পর্যায়ক্রমে হাইস্কুল ও কলেজের শিক্ষার্থীদের সাইকেল দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।


প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শুক্রবার সকালে মোকামতলা হাইস্কুল মাঠে এবং বেলা ১১টায় শিবগঞ্জ হাইস্কুল মাঠে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ৬২ হাজার নিমগাছের চারা ও বিশুদ্ধ পানি পান করার মগ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।


আয়োজকরা জানান, শুক্রবার ৫ হাজার মগ ও নিমগাছের চারা বিতরণ করা হয়েছে। আগামী রোববার বাকি ৫৭ হাজার মগ ও চারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হবে।


অনুষ্ঠানে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন মীর শাহে আলম। সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার প্রসঙ্গ তুলে তিনি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সমালোচনা করেন। যেকোনো নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।


অনুষ্ঠানে দুই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com