টানা দুই দিনের বৃষ্টিতে কমলো ঢাকায় বায়ুদূষণ
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০৯:২৬
টানা দুই দিনের বৃষ্টিতে কমলো ঢাকায় বায়ুদূষণ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

বিশ্বজুড়ে দিন দিন বেড়েই চলেছে বায়ুদূষণের মাত্রা। এর প্রভাব থেকে মুক্ত নয় বাংলাদেশও। দীর্ঘদিন ধরেই জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বায়ুদূষণ। তবে টানা দুই দিন বৃষ্টিতে ঢাকায় দূষণের মাত্রা কমেছে।


শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৪তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শহরটির বায়ুমান সূচক (একিউআই) ১০৬, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। এ গোষ্ঠীর মধ্যে রয়েছে শিশু, প্রবীণ, গর্ভবতী নারী এবং শ্বাসকষ্ট ও হৃদ্‌রোগে আক্রান্ত ব্যক্তিরা।


গত বৃহস্পতিবার একই সময়ে ঢাকার বায়ুমান সূচক ছিল ২১৪, যা খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।


তালিকার শীর্ষে থাকা পাকিস্তানের লাহোরের বাতাসে দূষণ আবারও ভয়াবহ হয়ে উঠেছে। শহরটির বায়ুমান সূচক ৩৭৮, যা বিপজ্জনক পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের দিল্লির বাতাসেও দূষণের মাত্রা কম নয়। শহরটির বায়ুমান সূচক ২৫০, যা খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।


এদিকে, বায়ুমান সূচক অস্বাস্থ্যকর পর্যায়ে থাকা শহরগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তানের কাবুল, ইরাকের বাগদাদ, বাহরাইনের মানামা, কাতারের দোহা, মিসরের কায়রো, নেপালের কাঠমান্ডু ও ভারতের মুম্বাই।


অন্যদিকে, ঢাকা ছাড়াও আরও পাঁচটি শহরের বায়ুমান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। শহরগুলো হলো সৌদি আরবের রিয়াদ, চীনের চেংদু, পাকিস্তানের করাচি, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও কঙ্গোর কিনশাসা।


আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয়। সূচক ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। এ ছাড়া ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুব অস্বাস্থ্যকর এবং ৩০০-এর বেশি হলে বাতাসের মান বিপজ্জনক হিসেবে ধরা হয়।


বায়ুদূষণ বাড়লে সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে থাকেন শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্ট ও হৃদ্‌রোগে আক্রান্ত ব্যক্তিরা। এ অবস্থায় দূষিত বাতাসে দীর্ঘক্ষণ বাইরে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়। একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া এড়িয়ে চলার পাশাপাশি বাইরে গেলে উপযুক্ত মাস্ক ব্যবহার করা জরুরি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com