
পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন ঘিরে রাজধানীর মিরপুরের বিভিন্ন সড়কে বিপুলসংখ্যক পুলিশের সদস্যের পাশাপাশি সাজোয়া যান ও জলকামান মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর মিরপুর-১০, ১১ ও ১২ নম্বর এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। বিকেল পর্যন্ত প্রধান সড়কে শ্রমিকদের কোনো বিক্ষোভ করতে দেখা যায়নি।
দুপুরে সরেজমিনে দেখা যায়, মিরপুর-১০ গোলচত্বর এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও স্পেশাল রিজার্ভ ফোর্সের (এসআরএফ) সদস্য মোতায়েন রয়েছেন। সেখানে সাজোয়া যান ও জলকামানের একটি গাড়িও রাখা হয়েছে। মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচেও সাজোয়া যানসহ পুলিশের অবস্থান দেখা যায়। মিরপুর-১২ নম্বর এলাকাতেও সতর্ক অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এদিকে, সকাল থেকে মিরপুর এলাকায় দুই দফায় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিল করতে দেখা যায়। মিছিল থেকে তারা ‘শ্রমিক-জনতা ভাই ভাই, আওয়ামী লীগের রক্ষা নাই’।
এ ছাড়া মূল সড়কের ফুটপাতের ওপর টেবিল বসিয়ে বিএনপির নেতাকর্মীদের অবস্থান করতেও দেখা গেছে। পল্লবী, মিরপুর-১ ও ১৪ নম্বর এলাকার বিভিন্ন পোশাক কারখানার সামনেও পুলিশের ব্যাপক উপস্থিতি ছিল।
সকালে বিভিন্ন গলিতে পোশাক শ্রমিকদের বিচ্ছিন্ন উপস্থিতি দেখা গেলেও মূল সড়কে আন্দোলনকারীদের কোনো জমায়েত দেখা যায়নি। দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে শ্রমিকেরা সড়কে নামেননি বলে ধারণা করা হচ্ছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]