নাশকতাকারীদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১৮:০৬
নাশকতাকারীদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

দেশে সহিংসতা, নৈরাজ্য ও নাশকতাকারীদের সমুচিত জবাব দিতে হবে জানিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে আর নয়।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ আর অগ্নিসন্ত্রাস, গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না। যারা অতীতে সন্ত্রাস, অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি করেছে, তাদের আর সেই সুযোগ দেওয়া যাবে না। এসব অপরাজনীতির বিরুদ্ধে দেশের গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সমুচিত জবাব দিতে হবে।


দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে গণতান্ত্রিক সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে। আজ আবারও ২০২৪ সালের মতো ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে। তাদের সমুচিত জবাব দিতে হবে।


জনগণ ও দেশের ভাগ্য নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, সে জন্য সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিতে হবে।


প্রধানমন্ত্রী বলেন, দেশ যখন উন্নয়নমুখী হচ্ছে, তখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। ১৬ বছর ধরে যারা জনগণের বুকে বন্দুক তাক করে ক্ষমতায় ছিল, তারা আবারও ষড়যন্ত্র করছে।


তিনি আরো বলেন, যে দেশে তারা পালিয়ে গেছে, সেই দেশই তাদের প্রভু। তাদের প্রভুদের খুশি করতে তারা আবারও ষড়যন্ত্র করছে।


ছাত্র-জনতা জীবন দিয়ে যে অধিকার প্রতিষ্ঠা করেছিল, ষড়যন্ত্রকারীরা সেই অধিকার কেড়ে নিতে চায়। পালিয়ে গিয়েও তারা অগ্নিসন্ত্রাস করছে এবং মানুষ হত্যা করছে।


দিনের শেষ কর্মসূচিতে বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ সংগঠনের স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি সংগঠনটির বিভিন্ন সামাজিক ও ইতিবাচক কার্যক্রমের প্রশংসা করেন এবং এ উদ্যোগ দেশের বাকি ৬৩ জেলায় ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।


তারেক রহমান বলেন, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতায় তিনি দেখেছেন, সব সমস্যার সমাধান কেবল আইনের মাধ্যমে সম্ভব নয়। সামাজিক সংগঠনের মাধ্যমে মানুষ ঐক্যবদ্ধ হয়ে অনেক সমস্যার সমাধান করতে পারে। তার মতে, ‘আলোকিত লালমনিরহাট’ যে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে, তা দেশের প্রতিটি জেলায় ছড়িয়ে দেওয়া প্রয়োজন।


‘আলোকিত লালমনিরহাট’-এর সভাপতি ও জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com