চড়া সবজির বাজার, স্বস্তি ডিম-মাংসে
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১৪:৫০
চড়া সবজির বাজার, স্বস্তি ডিম-মাংসে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর বাজারগুলোতে গত সপ্তাহের তুলনায় বেড়েছে সবজির দাম। সব ধরনের সবজির দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা বেড়েছে। তবে সপ্তাহ ব্যবধানে সব ধরনের ডিম ও মুরগির দাম কমেছে।


শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সরবরাহ কমে যাওয়ায় সপ্তাহ ব্যবধানে শীত ও গ্রীষ্মকালিন সব ধরনের সবজি কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। শিম ১ কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায় যা গত সপ্তাহে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, নতুন আলু ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যা গত সপ্তাহে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, মুলা কেজিতে ১০ টাকা বেড়ে ৫০ টাকা, লাউ ৪০ থেকে ৬০ টাকা, ফুলকপি বড় আকারে ৩০ থেকে ৫০ টাকা এবং ছোট আকারে বাঁধা কপি ৩০ থেকে ৪০ টাকা পিস দরে বিক্রি করতে দেখা গেছে।


সপ্তাহ ব্যবধানে সব ধরনের সবজির দাম হঠাৎ করে বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভোক্তারা। তাদের মতে, কোন কারণ ছাড়া সপ্তাহে ব্যবধানে সবজির দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে।


গত সপ্তাহে টমেটো ৮০ থেকে ১০০ টাকায় কিনলেও আজ সেটা ১৬০ টাকা, শিমের কেজিও প্রায় দ্বিগুণ হয়েছে বলে তারা উল্লেখ করেন।


তালতলা বাজারে বাজার করতে আসা শওকত ওসমান শাওন বলেন, সব ধরনের সবজি গত সপ্তাহের ব্যবধানে ২০ থেকে ৫০ টাকা কেজি প্রতি দাম বেড়েছে। এই সময় দাম কমার কথা অথচ উল্টোটা হচ্ছে। বাজার নিয়ন্ত্রণে সরকারের মনিটরিং জরুরি বলে তিনি উল্লেখ করেন।


গতকাল থেকে টানা ঝিরঝির বৃষ্টির কারণে পাইকারি বাজারে সবজির সরবরাহ অনেকটাই কম থাকায় সবজির দাম কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন শেওড়াপাড়ার সবজি বিক্রেতা শাজাহান মিয়া। তিনি বলেন, বৃষ্টির কারণে সরবরাহে কিছুটা ঘাটতি পড়ায় সবজির দাম বেড়েছে। তবে আগামী সপ্তাহে দাম কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।


এসব বাজারে পটল, ঢেঁড়শ, চিচিঙ্গা কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে ৬০ থেকে ৮০ টাকা, বেগুন ৮০ থেকে ১০০ টাকায়, কাঁচা মরিচ কেজিতে ৬০ থেকে ৮০ টাকা, টমেটো ১৪০ থেকে ১৬০ টাকায়, জলপাই ৫০ থেকে ৬০ টাকা এবং গাজর ইন্ডিয়ানটা কেজিপ্রতি ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।


এসব বাজারে পেঁপে কেজিতে ২০ টাকা এবং আলু ২৫ থেকে ৩০ টাকা এবং পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।


বাজারগুলোতে কচুর লতি ৮০ টাকা, কচুরমুখি ৫০ থেকে ৬০ টাকা, শসা দাম ৬০ থেকে ৭০ টাকা, খিরাই ৬০ টাকা, বটবটি ৮০ টাকা ও মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।


এসব বাজারগুলোতে এক হালি লেবু ২০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি ধনে পাতা ২৫০ টাকা এবং হাইব্রিড ধনেপাতা ২০০ কেজি, কাঁচা কলা হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়, চাল কুমড়া ৫০ থেকে ৬০ টাকা পিস এবং কেপসিক্যাম ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এসব বাজার ঘুরে দেখা গেছে গত সপ্তাহের চেয়ে মুরগির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। সোনালি কক মুরগি ৩১০ টাকা এবং সোনালি হাইব্রিড মুরগি ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাল লেয়ার কেজিতে ৩০০ টাকা, ব্রয়লার মুরগি ১৭০ টাকা এবং দেশি মুরগি ৬২০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।


এসব বাজারে লাল শাক আঁটি ২০ টাকা, লাউ শাক আঁটি ৪০ টাকা, কলমি শাক ২ আঁটি ২০ টাকা, পুঁই শাক ৪০ টাকা, পালং শাক দুই আঁটি ৪০ টাকায় এবং ডাটা শাক দুই আঁটি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।


এসব বাজারে এক কেজি ৩০০ গ্রামের ওজনের ইলিশ মাছ ৬০০ থেকে ৮০০ টাকায়, ৫০০ গ্রামের ইলিশ ১২০০ থেকে ১৪০০ টাকায়, এক কেজি শিং মাছ চাষের (আকারভেদে) বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকায়, দেশি শিং ১২০০ থেকে ১৪০০ টাকা, প্রতি কেজি রুই মাছের দাম বেড়ে (আকারভেদে) ৩৫০ থেকে ৫৫০ টাকায়, দেশি মাগুর মাছ ৯০০ থেকে ১২০০ টাকা , মৃগেল ৩৫০ থেকে ৪৫০ টাকায়, চাষের পাঙ্গাস ১৮০ থেকে ২২০ টাকায়, চিংড়ি প্রতি কেজি ৮০০ থেকে ১৪০০ টাকায়, বোয়ালমাছ প্রতি কেজি ৬০০ থেকে ৮০০ টাকায়, বড় কাতল ৩৫০ থেকে ৪৫০ টাকায়, পোয়া মাছ ৪০০ থেকে ৪৫০ টাকায়, পাবদা মাছ ৪০০ থেকে ৪৪০ টাকায়, তেলাপিয়া ২২০ থেকে ২৪০ টাকায়, কৈ মাছ ২২০ টাকায়, মলা ৫০০ টাকা, বাতাসি টেংরা ১৪০০ টাকায়, টেংরা মাছ ৬০০ থেকে ৮০০ টাকা, কাচকি মাছ ৫০০ টাকায় এবং পাঁচ মিশালি মাছ ২৪০ থেকে ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।


রাজধানীর বাজারে গরুর মাংস ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে এবং খাসির মাংস ১৩০০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায়।


স্বস্তি এসেছে ডিমের দামে। বর্তমানে এক ডজন মুরগির লাল ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়, হাঁসের ডিম এক ডজন ১৮০ টাকায়, দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা এবং সোনালি কক মুরগির ডিম হালি ৭০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com