
পঞ্চগড় জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় চত্বরে রাখা আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) প্রায় ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) বোমা ডিসপোজাল ইউনিট।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের মাঠের নিরাপদ স্থানে নিয়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে এটি নিষ্ক্রিয় করা হয়। পরে ডিভাইসটির ধ্বংসাবশেষের মধ্য থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির লোগোসংবলিত আট দফা দাবির একটি স্মারকলিপি উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টার পর জেলা প্রশাসকের কার্যালয়ের হেল্প ডেস্কের পাশে লাল টেপে মোড়ানো একটি বস্তু দেখতে পান কার্যালয়ের কর্মচারীরা। বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে নিরাপত্তাবেষ্টনী তৈরি করে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে বস্তুটির আশপাশে সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়। এ ঘটনায় জেলা শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে খবর পেয়ে এসআরবি-১৩-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। ডিভাইসটি নিষ্ক্রিয় করতে রাজশাহী থেকে বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যদের ডাকা হয়। রাতে বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ডিভাইসটি নিষ্ক্রিয় করে।
এসআরবি-১৩-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) তৌহিদ জানান, উদ্ধার হওয়া বস্তুটি তেমন ক্ষতিকর না হলেও এটি হাতে তৈরি একটি অপ্রচলিত বিস্ফোরক যন্ত্র ছিল। বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা সেটিকে নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করেছেন।
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, সকাল থেকেই বস্তুটিকে বোমাসদৃশ হিসেবে বিবেচনায় নিয়ে নিরাপদে রাখার ব্যবস্থা করা হয়। পরে এসআরবির বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা পরীক্ষা-নিরীক্ষা করে এটিকে আইইডি বলে নিশ্চিত করেন।
তিনি আরও জানান, ডিভাইসটির ধ্বংসাবশেষ থেকে একটি চিঠি বা স্মারকলিপি পাওয়া গেছে। সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে জেলা প্রশাসকের কার্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসন সূত্রে জানা গেছে, মুখে মাস্ক ও শরীরে চাদর জড়ানো এক ব্যক্তি ভোররাতে বস্তুটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে রেখে যায়।
তবে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় বিস্ফোরক ডিভাইস রাখার নেপথ্যে কারা রয়েছে, কেনই বা আওয়ামী লীগের জেলা কমিটির লোগোযুক্ত আট দফা দাবির স্মারকলিপি সেখানে রাখা হয়েছিল, তা এখনো স্পষ্ট নয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]