গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ভালো: আইজিপি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১৭:১২
গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ভালো: আইজিপি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কাজ করবে। শুক্রবার পর্যন্ত জেলার সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে। আগামীতেও পরিস্থিতি ভালো থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।


শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে জেলা সার্কিট হাউসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইজিপি।


থানায় অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘এই থানাগুলো আপনাদেরই জন্য। আপনারা যদি থানা পুড়িয়ে দেন, তাহলে পুলিশ বাহিনী কাজ করবে কীভাবে? দেশে যদি আইন না থাকে, আপনারা সহযোগিতা না করেন, তাহলে পুলিশ কাজ করতে পারবে না। যদি মনে করেন এখানে পুলিশ থাকবে না, তাহলে আপনারাই আপনাদের আইনশৃঙ্খলা পরিচালনা করেন।’


এ সময় তার সঙ্গে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।


এর আগে শুক্রবার সকালে গোপালগঞ্জে পৌঁছে সার্কিট হাউসে জেলা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন তারা। এ সময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। সফরের অংশ হিসেবে তারা মুকসুদপুরে পুড়িয়ে দেওয়া থানা পরিদর্শন করেন। পরে গোপালগঞ্জ পুলিশ লাইনেও যান।


গত রোববার (১৫ নভেম্বর) গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দিনভর সহিংসতা, হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। এ সময় দুটি থানা, সংসদ সদস্য এবং বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের বাড়ি ও দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com