
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই বাঙালি জাতি নতুন করে নিরাপত্তা ও স্বাধীনতা পেয়েছিল। তিনি বাংলাদেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত সুখ এনে দিয়েছিলেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও ৭ নভেম্বরের চেতনা আমাদের মূল অনুপ্রেরণা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ ছাত্রদল আয়োজিত ডা. কাইছার রহমান চৌধুরী অডিটরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রুহুল কবীর রিজভী বলেন, ‘সিপাহী-জনতার বিপ্লবের চেতনা এবং জাতীয়তাবাদী দর্শনেই এ দেশের সাধারণ শিক্ষার্থীরা সব সময় উজ্জীবিত হয়েছে। এ জন্য দেশে যখনই অন্যায় জুলুম অত্যাচার, নির্যাতন ও ফ্যাসিবাদী শাসন কায়েম করতে চেয়েছে তখনই এই ছাত্র-জনতা তা প্রতিরোধ করেছে।’
তিনি আরও বলেন, ‘যারা ন্যায়ের জন্য এবং দেশের স্বাধীনতা রক্ষার জন্য লড়াই করে শহীদ হন, তারা ইতিহাসের পাতায় অমর হয়ে থাকেন। তাদের কখনো মৃত্যু হয় না।
তাদের এই আত্মত্যাগ প্রমাণ করে—এই দেশ কোনো একনায়ক বা ফ্যাসিস্টদের জন্য নয়, এটি একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ।’
রাজশাহী মেডিক্যাল কলেজ ছাত্রদলের সভাপতি আমরি মীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিমন আলীর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আওয়াল।
বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, ড্যাবের কেন্দ্রীয় সহসভাপতি ডা. মোফাককারুল ইসলাম, রাজশাহী জেলা ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেন, জেলা সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবু, রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম জনি ও রাজশাহী মেডিক্যাল কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম প্রমুখ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]