ঢাবিতে শিক্ষার্থীদের আন্দোলন: শেখ মুজিব হলের পকেট গেট খুলে দিলো প্রশাসন
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০০:৩৮
ঢাবিতে শিক্ষার্থীদের আন্দোলন: শেখ মুজিব হলের পকেট গেট খুলে  দিলো প্রশাসন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পকেট গেটের তালা খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২১ নভেম্বর) রাত ১০টা ২০মিনিটে গেটটি খুলে দেওয়া হয়। এর আগে রাত ৯টা ৫০ মিনিটের দিকে গেটটি খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।


জানা গেছে, রাত ৯টা ৫০ মিনিটের দিকে জিয়াউর রহমান হলের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে মুজিব হলের পকেট গেটের সামনে গিয়ে বিক্ষোভ করেন। আন্দোলনে জিয়াউর রহমান হল, বিজয় একাত্তর হল, কবি জসীম উদ্দীন হল ও সূর্যসেন হলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা অংশ নেন।


এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মীর মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আলী ও অধ্যাপক ড. এনামুল হক সজীব। তাদের সামনে শিক্ষার্থীদের ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতেও দেখা যায়। পরে আন্দোলন শুরুর প্রায় আধা ঘণ্টার মধ্যে প্রশাসন গেটটির তালা খুলে দেয়।


উল্লেখ্য, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক সমন্বয় সভায় নিরাপত্তার স্বার্থে শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পকেট গেটটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। এরপর থেকে গেটটি বন্ধ থাকায় যাতায়াতে ভোগান্তির অভিযোগ তুলে এটি খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com