
চট্টগ্রাম নগরের টেরিবাজারে অভিযান চালিয়ে জাল ভিসা ও ভিসা তৈরির বিভিন্ন সরঞ্জামসহ ১৭টি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
এ ঘটনায় জাল ভিসা তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আব্দুল মাবুদ (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে ঢাকার বিমানবন্দর থানায়ও আগের একটি মামলা রয়েছে।
রবিবার (২২ নভেম্বর) কোতোয়ালী থানাধীন টেরিবাজার বাই লেনের কাটাপাহাড় এলাকার বদরউদ্দিন মার্কেটের পঞ্চম তলার একটি কক্ষ থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে আব্দুল মাবুদের হেফাজত থেকে জাল ভিসা, ভিসা তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং ১৭টি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়।
পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতার আব্দুল মাবুদের বিরুদ্ধে ঢাকার বিমানবন্দর থানায় ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি একটি মামলা রয়েছে। ওই মামলায় প্রতারণা, বিশ্বাসভঙ্গ, জালিয়াতি, জাল দলিল ব্যবহারসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছিল। মামলায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এবং বাংলাদেশ পাসপোর্ট আদেশ, ১৯৭৩-এর ধারাও যুক্ত রয়েছে।
এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা নম্বর ৪১, তারিখ ২২ নভেম্বর ২০২৬। মামলায় দণ্ডবিধির ৪২০, ৪৬৫ ও ৪৬৮ ধারা এবং বাংলাদেশ পাসপোর্ট আদেশ, ১৯৭৩-এর ১১(১), ১১(২) ও ১১(৩) ধারা যুক্ত করা হয়েছে।
গ্রেফতার আব্দুল মাবুদকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিবার্তা/জাহেদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]