রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জনের মৃত্যু
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৯:২৪
রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

ভারতের রাজস্থানে সড়ক দুর্ঘটনায় মহারাষ্ট্রের একই পরিবারের নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।


রবিবার (২২ নভেম্বর) ভোরে কোটা-উদয়পুর মহাসড়কে তাদের বহনকারী একটি গাড়ি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।


দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, গাড়ি চালাতে চালাতে চালকের ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।


পুলিশ জানায়, শম্ভুপুরার কাছে খাতু শ্যাম মন্দির দর্শন শেষে মহারাষ্ট্রে ফিরছিলেন তারা। এ সময় রাত প্রায় ১টার দিকে তাদের এসইউভিটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়েন।


কোটা জেলার পুলিশ সুপার তেজস্বিনী গৌতম জানান, গাড়ির সব যাত্রীই মহারাষ্ট্রের ধুলে জেলার বাসিন্দা। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, চালক গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।’ পুলিশ আরও জানায়, তীর্থযাত্রা শেষে পরিবারের সদস্যরা চারটি গাড়ির একটি বহর নিয়ে ফিরছিলেন। দুর্ঘটনার শিকার হয় বহরের একটি গাড়ি।


ওই গাড়িতে একই পরিবারের ১৬ জন সদস্য ছিলেন, যাদের মধ্যে শিশুও রয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন সাজ্জন (৬২), তার স্ত্রী উষা বাই (৬০), সুশীলা (৬২), কৈলাস (৩৫), তার স্ত্রী অনিতা (৩৪), বাবুলাল (৭৫) ও মাধবী (৩২)।


দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সুপারসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধারকর্মীরা আহত ব্যক্তিদের গাড়ি থেকে বের করে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com