
ভারতের আসামের কাজিরাঙায় ট্রাকের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (১৩ নভেম্বর) কাজিরাঙার কাছে গোলাঘাট জেলার রঙাজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিনিবাসটি বোকাখাত থেকে নগাঁও যাচ্ছিল। পথে একটি কনটেইনারবাহী ট্রাকের সঙ্গে সেটির সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় মিনিবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী গাড়ির ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে গোলাঘাট জেলার এক নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দুর্ঘটনায় নিহতের সংখ্যা দ্রুত বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, চিকিৎসকরা ২৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
এর আগে, গোলাঘাটের পুলিশ সুপার (এসএসপি) স্বপ্ননীল ডেকা পিটিআইকে জানিয়েছিলেন, প্রাথমিকভাবে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছিল এবং বাস থেকে মরদেহ উদ্ধার করা হচ্ছিল। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য কোহোরা মডেল হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ সুপার জানান, মিনিবাসটি অতিরিক্ত গতিতে চলছিল এবং কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে আরোপিত গতিসীমা ও বিধিনিষেধ লঙ্ঘন করেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারালে মিনিবাসটির সঙ্গে কনটেইনার ট্রাকের সংঘর্ষ হয়।
এদিকে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এক শোকবার্তায় তিনি বলেন, কাজিরাঙার এই মর্মান্তিক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানিতে তিনি গভীরভাবে মর্মাহত। স্বজন হারানো পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, এই কঠিন সময়ে পুরো আসাম তাদের পাশে রয়েছে।
মুখ্যমন্ত্রী আরও জানান, আহত ব্যক্তিরা যাতে দ্রুত সর্বোচ্চ চিকিৎসাসেবা পান, সেটিই এখন সরকারের প্রধান অগ্রাধিকার। রাজ্যের মন্ত্রী অতুল বোরা ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম তদারক করছেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা এবং নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি কামনা করেন মুখ্যমন্ত্রী।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]