এবার কিউবায় হামলা করতে চান ট্রাম্প
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১৯:৪৪
এবার কিউবায় হামলা করতে চান ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার মেয়াদ শেষ হওয়ার আগে কিউবার বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর নির্দেশ দেয়ার বিষয়টি তিনি বিবেচনা করবেন। সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর তার প্রশাসন ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে কূটনৈতিক আলোচনা থেকে সরে আসছে। এর মধ্যেই তিনি এ কথা বলেন।


‘দ্য হিউ হিউইট শো’তে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ক্ষমতা ছাড়ার আগে তিনি ‘কিউবার বিষয়টি মিটিয়ে ফেলতে’ চান। তিনি ইঙ্গিত দেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ উদ্যোগ নিতে আগ্রহী হবেন। রুবিওর বাবা-মা কিউবা থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন করেছিলেন।


কিউবাকে স্বাধীন করতে সামরিক শক্তি প্রয়োগের নির্দেশ দেবেন কি না, এমন প্রশ্নের জবাবে হিউইটকে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি ক্ষমতা ছাড়ার আগে কিউবার বিষয়টি মিটিয়ে ফেলতে চাই। কিউবার জন্য আমাদের একজন খুব ভালো ও দক্ষ ব্যক্তি আছেন, তার নাম মার্কো। কারণ, মার্কোর বাবা-মা কিউবার। মার্কো রুবিওর বাবা-মা কিউবার, যেমনটা আপনারা জানেন। আর তিনি এটা করতে খুবই আগ্রহী হবেন।’


কিউবাকে ‘ব্যর্থ’ রাষ্ট্র হিসেবে বর্ণনা করেন ট্রাম্প। তিনি বলেন, দেশটির পরিস্থিতির ওপর তিনি ঘনিষ্ঠ নজর রাখছেন। এ সময় ফ্লোরিডায় কিউবান-আমেরিকানদের মধ্যে অতীতে পাওয়া তার নির্বাচনী সমর্থনের কথাও উল্লেখ করেন।


ট্রাম্প বলেন, ‘আমি এটা করতে চাই। ফ্লোরিডায় কিউবান ভোটের ৯৪ শতাংশ আমি পেয়েছিলাম। আমার মনে হয়, তখনকার চেয়ে এখন আমি আরও জনপ্রিয়। আর সত্যি বলতে, যারা কিউবা থেকে যুক্তরাষ্ট্রে এসেছেন এবং সেখানে খুব খারাপ আচরণের শিকার হয়েছেন, সেই কিউবানদের জন্য আমি এটা করতে চাই।’


হিউইট তাকে জিজ্ঞাসা করেন, তিনি কি একটি সংক্ষিপ্ত সামরিক অভিযান অনুমোদন করবেন? বিশেষ করে, ‘সামান্য সামরিক শক্তি প্রয়োগ করে এক সপ্তাহের অভিযান’ চালাতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘আমি স্বাচ্ছন্দ্য বোধ করব। হ্যাঁ, আমি অবশ্যই বিষয়টি বিবেচনা করব।’


ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে হোয়াইট হাউসের অবস্থান পরিবর্তনের সময় কিউবা নিয়ে প্রেসিডেন্টের এসব মন্তব্য এসেছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক হামলা চালালে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হয়।


বৃহস্পতিবার সকালে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ধারাবাহিক কয়েকটি পোস্টে জানান, তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা বন্ধ করে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকা অঙ্গরাজ্য ও শহরগুলোতে কথিত জালিয়াতির অভিযোগ তদন্তে মনোযোগ দিতে নির্দেশ দিয়েছেন।


ট্রাম্প লিখেছেন, ‘ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সেই দিন অনেক আগেই শেষ হয়ে গেছে। আমরা তাদের অর্থ পেয়েছি—শত শত কোটি ডলার। আর আমরা তাদের প্রণালিও পেয়েছি!’


অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘোষণার পর নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বাজারে তেলের দাম বেড়েছে এবং শেয়ারবাজারে দরপতন হয়েছে।


এই নির্দেশনা ভ্যান্সের জন্য আকস্মিক অবস্থান পরিবর্তনের ঘটনা। যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের আলোচক দলগুলোর নেতৃত্ব দিতে কয়েক মাস ধরে কাজ করছিলেন তিনি। কয়েক দিন আগেও ইরানের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ির সঙ্গে সরাসরি আলোচনার বিষয়টি বিবেচনা করছিলেন ভাইস প্রেসিডেন্ট। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


মঙ্গলবার প্যারিসে জি-৭ (G7) সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিদের রুবিও বলেন, ট্রাম্প ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলা পুনরায় শুরু করা কিংবা কূটনৈতিক সমঝোতার চেষ্টা না করার সিদ্ধান্ত নিয়েছেন। এর পরিবর্তে তিনি ইরানের সরকারকে বিচ্ছিন্ন করার পথ বেছে নিয়েছেন। যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যমান যুদ্ধবিরতির প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করেছে। রুবিও ওই প্রস্তাবকে ‘আপত্তিকর, হাস্যকর এবং বাস্তবসম্মত নয়’ বলে মন্তব্য করেছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com